ইরাকে অভিযান শেষ, ঘোষণা যুক্তরাষ্ট্রের
ইরাকের রাজধানী বাগদাদে আজ বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে মার্কিন পতাকা নামিয়ে ফেলা হয়েছে। এতে প্রায় নয় বছর ধরে চলা এ মিশন শেষ হলো। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে যোগ দেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লিওন প্যানেট্টা। এ সময় তিনি বলেন, ‘স্বাধীন ও সার্বভৌম ইরাকের যে স্বপ্ন মানুষ দেখেছে তা আজ সত্যিই হলো।’ এ মুহূর্তে ইরাকে চার হাজারের কিছু বেশি মার্কিন সেনা রয়েছে। তারাও আগামী দুই সপ্তাহের মধ্যে চলে যাবে।ইরাক থেকে পুরোপুরি মার্কিন সেনা প্রত্যাহার করার কথা থাকলেও অন্তত ১৬ হাজার মার্কিন বাগদাদ দূতাবাসে কাজ করবেন। তাঁদের একটি অংশ কাজ করবে নিরাপত্তা বিষয়ে। এ ছাড়া ২০০ জন মার্কিন সেনা ইরাকি সেনাদের প্রশিক্ষণ দেবেন।২০০৩ সালের ২০ মার্চ ইরাকে হামলা চালায় মার্কিন নেতৃত্বাধীন জোট। ইরাকের সে সময়ের প্রেসিডেন্ট সাদ্দাম হোসেনের কাছে ব্যাপক গণ বিধ্বংসী অস্ত্র আছে, এই অভিযোগে দেশটিতে হামলা চালানো হয়। যদিও পরে সেই অস্ত্র খুঁজে পাওয়া যায়নি। ২০০৬ সালের ৩০ ডিসেম্বর সাদ্দাম হোসেনকে ফাঁসি দেওয়া হয়। এ যুদ্ধে প্রায় চার হাজার ৫০০ মার্কিন সেনা এবং এক লাখের ওপর ইরাকি মানুষ নিহত হয়। বিবিসি।