ইরাকে আত্মঘাতী গাড়িবোমা হামলায় নিহত ১৬

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দক্ষিণ ইরাকে শিয়া অধ্যুষিত হিল্লা শহরে আজ বৃহস্পতিবার এক গাড়িবোমা বিস্ফোরণে কমপক্ষে ১৬ জন নিহত এবং আরও ৫০ জন আহত হয়েছে। শহরটিতে পুলিশ সদর দপ্তরের প্রবেশমুখে এ হামলা চালানো হয়। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্রের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স এ কথা জানিয়েছে। পুলিশ সূত্র আল-জাজিরা টেলিভিশনকে জানিয়েছে, হিল্লায় একজন আত্মঘাতী হামলাকারী পুলিশ সদর দপ্তরের প্রবেশমুখে বিস্ফোরক-ভর্তি একটি গাড়ি উড়িয়ে দেয়। এতে ওই হতাহতের ঘটনা ঘটে। হামলার সময় পুলিশ সদস্যদের কর্ম-পালা পরিবর্তন চলছিল এবং অনেকে দপ্তরের বাইরে অবস্থান করছিলেন। আল-কায়েদা নেতা ওসামা বিন লাদেন নিহত হওয়ার পর ইরাকের নিরাপত্তা বাহিনী সতর্ক অবস্থানে ছিল। তা সত্ত্বেও সেখানে এমন আত্মঘাতী বোমা হামলার ঘটনা ঘটল। এর আগে হিল্লায় একাধিকবার বড় ধরনের আত্মঘাতী বোমা হামলার ঘটনা ঘটে।