ইরাকে আত্মঘাতী বোমা হামলায় নিহত ৯
ইরাকের তিকরিতে সরকারি স্থাপনার ভেতরে আত্মঘাতী বোমা হামলায় অন্তত নয়জন মারা গেছেন। তাঁদের মধ্যে সাতজন পুলিশ। রয়টার্স আজ সোমবার জানায়, হামলাকারী বিস্ফোরকভর্তি একটি ট্যাংকলরি চালিয়ে ওই ভবনে ঢুকে বিস্ফোরণ ঘটায়। প্রাথমিকভাবে কোনো গোষ্ঠী এই হামলার দায় স্বীকার করেনি। রয়টার্স জানায়, সুন্নি বিদ্রোহীরা কয়েক মাস ধরে ইরাকের শিয়া নেতৃত্বাধীন সরকারকে দুর্বল করতে বিভিন্ন তত্পরতা চালাচ্ছে এবং গোষ্ঠীগত সংঘাত উসকে দিচ্ছে।রয়টার্স জানায়, ইরাকের রাজধানী বাগদাদ থেকে ১৫০ কিলোমিটার দূরে তিকরিতের মধ্যস্থলের এ বোমা হামলায় স্থানে একটি বড় গর্তের সৃষ্টি হয়েছে এবং আশপাশের স্থাপনাগুলো বেশ ক্ষতিগ্রস্ত হয়েছে।প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, সরকারি কম্পাউন্ডের ভেতরে ঢোকার সময় লরিটিকে কোনো বাধা দেওয়া হয়নি। কারণ, প্রতিদিনই এ ধরনের লরি সরকারি কার্যালয়গুলোতে তেল ও গ্যাস সরবরাহ করে থাকে।স্থানীয় পুলিশের কর্মকর্তা মোহাম্মদ সালেহ বলেন, ‘লরিটি পুলিশের প্রশাসনিক ভবনের ঠিক পেছনে গিয়ে দাঁড়ায়। এ সময় বিস্ফোরণে ভবনের একাংশ ধসে পড়ে। আমার মুখে ও পেটে ভাঙা কাচের আঘাত লেগেছে।’