ইরাকে আত্মঘাতী বোমা হামলায় নিহত ১৯

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইরাকে আত্মঘাতী বোমা হামলায় অন্তত ১৯ জন নিহত ও ৪০ জনের বেশি আহত হয়েছেন। বিবিসি জানায়, আজ স্থানীয় সময় বেলা ১১টার দিকে সরকার-সমর্থক আধাসামরিক বাহিনীর সদস্যদের লক্ষ্য করে হামলাটি চালানো হয়। রাজধানী বাগদাদ থেকে ২০ মাইল উত্তরের শহর তাজিতে চালানো হামলায় আহত ও নিহত লোকদের বেশির ভাগই সাহবা আধাসামরিক বাহিনীর সদস্য। সংগঠনটি ইরাকে আল-কায়েদার বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে আসছে। বিবিসি জানায়, ইরাকের দক্ষিণাঞ্চলের শহর কিরকুকের পুলিশ সদর দপ্তরে আকস্মিক হামলায় ১৬ জন নিহত হওয়ার এক দিন পর এই আত্মঘাতী হামলা চালানো হলো। ধারণা করা হচ্ছে, ভিড়ের মধ্যে হামলাকারী তার বেল্টের সঙ্গে বেঁধে রাখা বোমার বিস্ফোরণ ঘটায়। সে সময় আধাসামরিক বাহিনীর সদস্যরা তাঁদের বেতন তুলতে সেখানে জড়ো হয়েছিলেন। হামলার শিকার হওয়া ব্যক্তিদের মধ্যে সেনাসদস্যও রয়েছেন। দ্য সাহবা দলটি গড়া হয়েছে সুন্নি উপজাতিদের নিয়ে। তারা ২০০৬ সাল থেকে আল-কায়েদার বিরুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষে নিয়ে যুদ্ধ করছে। তাই প্রায় সব সময় আল-কায়েদাসংশ্লিষ্ট জঙ্গিদের হামলার শিকার হন সাহবার সদস্যরা। জঙ্গিরা তাঁদের বিশ্বাসঘাতক হিসেবে চিহ্নিত করে থাকে।