ইরাকে আত্মঘাতী বোমা হামলায় ২ মার্কিন সেনা ও ৩ ইরাকি নিহত
ইরাকের পূর্বাঞ্চলে একটি মার্কিন-ইরাকি যৌথ সামরিক টহল দলের ওপর গতকাল শুক্রবার একটি আত্মঘাতী গাড়িবোমা হামলায় দুজন মার্কিন সেনাসদস্য ও অন্তত তিনজন ইরাকি নিহত হয়। বাগদাদের ৭০ মাইল উত্তর-পূর্বে জালাওলা শহরের একটি বাজারের কাছে যৌথ টহল দলের পাশে একটি বিস্ফোরকভর্তি গাড়িতে বিস্ফোরণ ঘটিয়ে হামলাটি চালানো হয়। বার্তা সংস্থা রয়টার্স জানায়, বিস্ফোরণে হতাহতদের সংখ্যা সম্পর্কে পরস্পরবিরোধী নানা সংবাদ পাওয়া যাচ্ছে।মার্কিন সামরিক বাহিনী এক বিবৃতিতে জানায়, হামলায় দুজন মার্কিন সেনাসদস্য, একজন ইরাকি পুলিশ এবং দুজন বেসামরিক ব্যক্তি নিহত হয়। এ ছাড়া ছয়জন মার্কিন সেনাসহ প্রায় ২৪ ব্যক্তি আহত হয়।বিবৃতিতে বলা হয়, মার্কিন সেনারা সঙ্গে সঙ্গে আহত সেনাদের চিকিত্সার ব্যবস্থা করেন ও গাড়িতে করে তাঁদের একটি নিকটবর্তী সামরিক ঘাঁটিতে সরিয়ে নেন।ইরাকি নিরাপত্তা সূত্রগুলো রয়টার্সকে জানায়, অন্তত দুজন মার্কিন সেনাসহ কমপক্ষে ছয় ব্যক্তি নিহত হয়। অন্যদিকে দুটি সূত্র জানায়, হামলায় আটজন নিহত হয়।এদিকে পুলিশ জানায়, শুক্রবারেই রাস্তার পাশে পুঁতে রাখা এক বোমা বিস্ফোরণে বাগদাদের দক্ষিণে ডৌরা জেলায় দুজন বেসামরিক লোক নিহত ও নয়জন আহত হয়। তার আগে, বৃহস্পতিবার গভীর রাতে বাগদাদ শহরে আরেকটি গাড়িবোমা হামলায় চারজন নিহত ও ১০ ব্যক্তি আহত হয়।বিশেষজ্ঞদের অভিমত, মার্চের বিতর্কিত সাধারণ নির্বাচনের পর থেকে গত দুই মাসে একের পর এক ঘটে চলা সহিংসতা ইরাকে নিরাপত্তাব্যবস্থার যে তেমন কোনো উন্নতি হচ্ছে না, তারই প্রতিফলন।