ইরাকে গাড়িবোমা হামলায় নিহত ৪৩

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইরাকের রাজধানী বাগদাদ ও বসরা শহরের শিয়া অধ্যুষিত এলাকায় আজ সোমবার কয়েক দফা গাড়িবোমা বিস্ফোরণে কমপক্ষে ৪৩ জন নিহত হয়েছে। রয়টার্স বলেছে, দেশটির পুলিশ ও হাসপাতাল কর্তৃপক্ষ এ তথ্য জানায়। তবে এখনো কেউ হামলার দায় স্বীকার করেনি। বাগদাদ থেকে ২০ কিলোমিটার দক্ষিণ-পূর্বে অবস্থিত বসরা শহরে একটি গাড়িবোমার বিস্ফোরণ ঘটে। এতে নয়জন নিহত হয়। স্থানীয় এক পুলিশ কর্মকর্তা বলেন, শহরের একটি স্যান্ডউইচের দোকানের সামনে এই গাড়িবোমা বিস্ফোরিত হয়। ওই সময় দিনমজুরেরা সেখানে ভিড় জমিয়েছিলেন। বসরা শহরের পাশে একটি বাস টার্মিনালে একই সময়ে আরেকটি গাড়িবোমার বিস্ফোরণ ঘটে। এতে পাঁচজন নিহত হয়। এদিকে, বাগদাদের পূর্বাঞ্চলীয় কামালিয়ার শিয়া অধ্যুষিত এলাকার একটি বাজারের পাশে দাঁড় করিয়ে রাখা একটি গাড়ি বিস্ফোরিত হয়ে সাতজন নিহত হয়েছে বলে জানিয়েছে পুলিশ। এ ছাড়া ইরাকের ইলাম, দিয়ালা ব্রিজ, আল-সুর্তা, শুলা ও সদর সিটিতে পৃথক বোমা বিস্ফোরণে আরও ২২ জন নিহত হয়েছে। এসব অঞ্চল শিয়া অধ্যুষিত। সাম্প্রতিক সময়ে ইরাকে শিয়া ও সুন্নি সম্প্রদায়ের মধ্যে সহিংস ঘটনা বেড়েই চলেছে। গত কয়েক সপ্তাহে এই সাম্প্রদায়িক সহিংসতায় প্রায় ১৫০ জন নিহত হয়েছে।