ইরাকে তীর্থযাত্রীদের ওপর বোমা ও মর্টার হামলায় নিহত ৬, আহত ৩৭

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মধ্যযুগের বিখ্যাত শিয়া সাধক ইমাম মুসা আল-কাদিমের মৃত্যুবার্ষিকী পালনের জন্য গতকাল মঙ্গলবার উত্তর বাগদাদের কাদিমিয়া এলাকায় তাঁর মাজারে যাওয়ার সময় বোমা ও মর্টার হামলায় অন্তত ছয়জন শিয়া নিহত ও ৩৭ জন আহত হয়। পুলিশের বরাত দিয়ে রয়টার্স জানায়, সোনায় মোড়ানো গম্বুজবিশিষ্ট মাজারটি থেকে ১০০ মিটার দূরে মর্টারের দুটি গোলা বিস্ফোরিত হলে তিনজন তীর্থযাত্রী নিহত ও অপর আটজন আহত হয়।পুলিশ আরও জানায়, কাদিমিয়া যাওয়ার পথে উত্তর বাগদাদের শুলা এলাকায় মর্টারের তিনটি গোলা বিস্ফোরিত হলে আরেকজন তীর্থযাত্রী নিহত ও আরও নয়জন আহত হয়।পুলিশ জানায়, তীর্থযাত্রীদের ওপর হামলা চালানোর লক্ষ্যে নতুন বাগদাদে রাস্তার পাশে লুকিয়ে রাখা একটি বোমা বিস্ফোরিত হলে দুজন তীর্থযাত্রী নিহত ও পাঁচজন আহত হয়। এ ছাড়া বাগদাদের বিভিন্ন অঞ্চলে রাস্তার পাশে লুকিয়ে রাখা আরও চারটি বোমার বিস্ফোরণে ১৫ জন তীর্থযাত্রী আহত হয়।