ইরাকে নির্বাচনের প্রথম দিনেই অন্তত ১৭ জন নিহত
ইরাকে আজ রোববার সাধারণ নির্বাচন শুরু হওয়ার পরপরই মর্টার ও বোমা হামলায় অন্তত ১৭ জন নিহত হয়েছেন।আর এ হামলাগুলো বিশেষ করে সুন্নি নিয়ন্ত্রাধীন শহরগুলোতেই হচ্ছে।দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্র জানায়, বাগদাদে এক বিস্ফোরণে একটি আবাসিক ভবন বিধ্বস্ত হয়ে অন্তত ১২ জন নিহত হয়েছে। অন্য একটি ভবনে আরেকটি বিস্ফোরণে মারা গেছে চারজন। দেশটির প্রধানমন্ত্রী নূরি আল-মালিকি গ্রিন জোন এলাকায় নিজের ভোট প্রদান শেষে সব দলকে নির্বাচনের ফল মেনে নেওয়ার অনুরোধ জানিয়েছেন। তিনি বলেন, আজ যিনি জয়ী হবেন তিনি কাল হারতে পারেন, আবার আজ যিনি হারবেন কাল তিনি জয়ী হতে পারেন।এদিকে সাবেক প্রধানমন্ত্রী ইয়াদ আলাওয়ি এরই মধ্যে ভোট গ্রহণে নিয়ম ভঙ্গের অভিযোগ এনেছেন।স্থানীয় সময় সকাল সাতটায় ভোট গ্রহণ শুরু হয়।২০০৩ সালে সাদ্দাম হোসেনের সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পর এটা হলো ইরাকের দ্বিতীয় পার্লামেন্ট নির্বাচন। আগামী আগস্টে মার্কিন সেনারা ইরাক ছাড়ার মাত্র কয়েক মাস আগে এ নির্বাচন নিয়ে ইরাকের ভেতরে ও বাইরে চরম উত্কণ্ঠা বিরাজ করছে। নির্বাচনী প্রচারণাকালে সহিংসতার শিকার হয়ে অন্তত ৫০ ব্যক্তি নিহত হয়েছে।এদিকে আন্তর্জাতিক সন্ত্রাসী সংগঠন আল-কায়েদা হুমকি দিয়ে বলেছে ইরাকিরা যেন ভোট দেওয়া থেকে বিরত থাকে। যারা ভোট দেবে তাদের কঠোর শাস্তি দেওয়ার হুমকি দিয়েছে সংগঠনটি। তদুপরি, নির্বাচনটি বানচাল করার উদ্দেশ্যে আল-কায়েদা আজ সারা দেশে কারফিউ জারি করেছে।প্রবাসী ইরাকিরা অবশ্য গত শুক্রবার থেকেই ভোট দেওয়া শুরু করে। এ পর্যন্ত ১৬টি দেশের ৮০টি শহরে অবস্থানকারী ১৪ লাখ প্রবাসী ইরাকি ভোট দিয়েছে।এবারের নির্বাচনে ৮৬টি রাজনৈতিক গ্রুপ থেকে ছয় হাজার ২০০ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছে। জঙ্গি হামলার ভয়ে তারা টেলিভিশন ও রেডিও চ্যানেলের মাধ্যমে নির্বাচনী প্রচারণা চালায়, কোনো জনসমাবেশ বা পথসভায় অংশ নেয়নি। রয়টার্স