ইরাকে পৃথক দুটি বোমা হামলায় নিহত ২৪

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইরাকের কারবালায় পৃথক দুটি গাড়িবোমা বিস্ফোরণে গতকাল সোমবার ২৪ জন নিহত হয়েছে। আহত হয়েছে কমপক্ষে ৫৪ জন। নিহত ও আহতদের প্রায় সবাই শিয়া সম্প্রদায়ভুক্ত বলে জানা গেছে। খবর রয়টার্সের।প্রথম হামলার ঘটনাটি ঘটে বাগদাদ থেকে প্রায় ৮০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমাঞ্চলে কারবালা শহরের নিকটবর্তী এলাকায়। ইমাম মেহেদীর জন্মবার্ষিকী পালনের উদ্দেশ্যে কারবালা অভিমুখী শিয়াদের বহনকারী একটি বাসে এ হামলা চালানো হয়। দ্বিতীয় হামলাটি সংঘটিত হয় রাজধানী বাগদাদে সৌদি মালিকানাধীন আল-আরাবিয়া সংবাদভিত্তিক টিভি চ্যানেলের সদর দপ্তরে।কারবালার গভর্নর আমাল আল-দিন আল হির কারবালা অভিমুখী শিয়াদের বাসে বোমা হামলার ঘটনাটি স্বীকার করে সেখানে কমপক্ষে ২০ জনের নিহত হওয়ার সংবাদ নিশ্চিত করেছেন। এদিকে বাগদাদে আল-আরাবিয়া টেলিভিশন চ্যানেলের সদর দপ্তরে এক আত্মঘাতী বোমা হামলাকারী বিস্ফোরকভর্তি একটি ভ্যান নিয়ে সদর দরজা ভেঙে ভেতরে প্রবেশের চেষ্টা চালায়। এ সময় বিস্ফোরণে তিনজন পরিচ্ছন্নকর্মী ও একজন নিরাপত্তাকর্মী নিহত হন। শহরের নিরাপত্তা মুখপাত্র মেজর জেনারেল কাশিম আল-মুসাবি এ তথ্য জানান। এ ঘটনায় অপর ১০ জন আহত হয়েছে বলে তিনি আরও জানান।