ইরাকে পৃথক দুটি হামলায় ১৪ জন নিহত
ইরাকে গতকাল শুক্রবার পৃথক দুটি হামলায় কমপক্ষে ১৪ জন নিহত হয়েছে।বিবিসি অনলাইন জানিয়েছে, শুক্রবার বিকেলে সিরিয়া সীমান্তের কাছে প্রথম হামলার ঘটনাটি ঘটে। একটি সেনাবহরের ওপর অজ্ঞাত বন্দুকধারীদের হামলায় সাত ইরাকি সেনা নিহত হন। এদিকে উত্তর বাগদাদে গাড়িবোমা হামলায় নিহত হয় আরও সাতজন। এ হামলাস্থলের কাছে আরও একটি বোমা নিষ্ক্রিয় অবস্থায় পাওয়া যায়।ইরাকের পশ্চিমাঞ্চলীয় আল-আনবার প্রদেশে দায়িত্বরত একজন সামরিক মুখপাত্র বিবিসিকে জানান, সিরিয়া সীমান্তের কাছে একটি মিনিবাসভর্তি অজ্ঞাত বন্দুকধারীরা ইরাকি সেনাবহরের ওপর অতর্কিত হামলা চালায়। এদিকে ইরাকি পুলিশ জানিয়েছে, উত্তর বাগদাদে গাড়িবোমা হামলাটি চালানো হয় একটি সুন্নি অধ্যুষিত এলাকার শিয়া কাউন্সিলরের বাড়ির সামনে। এ হামলায় নিহত হয় আরও সাত বেসামরিক ব্যক্তি। কেউ এ হামলার দায়িত্ব শিকার না করলেও পুলিশ এই হামলার জন্য আল-কায়েদাকে সন্দেহ করছে।ইরাকে গত মার্চের সাধারণ নির্বাচনের মাধ্যমে কোনো রাজনৈতিক সমঝোতা না হওয়ায় সাম্প্রতিককালে বিভিন্ন ধরনের সন্ত্রাসী হামলার পরিমাণ অনেকটা বেড়ে গেছে। ইরাকের রাজনীতিকেরা এখনো মার্চের সাধারণ নির্বাচনের ব্যাপারে কোনো সিদ্ধান্তে আসতে পারেননি। তবে বিশ্লেষকেরা মনে করছেন, আগামী এক সপ্তাহের মধ্যে তাঁরা এ ব্যাপারে একটি সিদ্ধান্তে আসতে পারবেন।