ইরাকে বোমা ও গুলিতে নিহত ৮৯
ইরাকের শিয়া মুসলিম-অধ্যুষিত বিভিন্ন এলাকায় আজ সোমবার বোমা হামলা ও গুলিতে ৮৯ জন নিহত হয়েছে। ইরাকের পুলিশ ও হাসপাতাল সূত্র জানায়, বাগদাদের উত্তরাঞ্চলীয় শহর তাজি, কিরকুক ও অন্যান্য শহরে এসব হামলার ঘটনায় কমপক্ষে ২২৩ জন আহত হয়েছে। এই হামলার দায় এখনো কেউ স্বীকার করেনি। নিরাপত্তা বাহিনীর একজন জ্যেষ্ঠ কর্মকর্তা বলেন, আল কায়েদা এ হামলা চালাতে পারে। একজন কর্মকর্তা জানান, তাজিতে একটি আবাসিক এলাকায় গাড়িবোমাসহ ছয়টি বোমার বিস্ফোরণ ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে সপ্তম বিস্ফোরণটি ঘটে। এতে পুলিশের ১৪ সদস্যসহ ৩২ জন নিহত ও ৪৮ জন আহত হয়। সদর সিটিতে সরকারি এক ভবনের সামনে দুটি গাড়িবোমার বিস্ফোরণ ঘটে। সেখানে ১১ জন নিহত ও ৭৩ জন আহত হয়।পুলিশ জানায়, অশান্ত দিয়ালা প্রদেশের বাইরে নিরাপত্তা তল্লাশি চৌকিতে যখন বিস্ফোরণ ও বন্দুক হামলা চলছিল, তখন পুলিশ ও ছয়জন সেনা সদস্যসহ ৩০ জন আহত হয়। একই সময় কিরকুকে পাঁচটি গাড়িবোমা বিস্ফোরণে ছয়জন নিহত ও ১৭ জন আহত হয়। খান বানি সাদ শহরে সেনা তল্লাশি চৌকির কাছে রাখা দুইটি গাড়িবোমা বিস্ফোরণে পাঁচজন নিহত ও ২২ জন আহত হয়। বাগদাদ থেকে ৯০ কিলোমিটার উত্তরে উদহেইম শহরে তল্লাশি চৌকিতে বন্দুকধারীরা গুলি করে চার সেনাসদস্যকে হত্যা করেছে। গতকাল রোববার বাগদাদের দক্ষিণাঞ্চলীয় দুটি শহর ও নাজাফে বোমা হামলায় ২০ জন নিহত ও ৮০ জন আহত হয়। ইরাক থেকে মার্কিন বাহিনী প্রত্যাহার করার পর গত মাসে অন্তত ২৩৭ জন নিহত ও ৬০৩ জন আহত হয়। রয়টার্স।