ইরাকে বোমা বিস্ফোরণে জেনারেলসহ আটজন নিহত
ইরাকের বিভিন্ন এলাকায় কয়েকটি বোমা হামলায় গতকাল মঙ্গলবার সেনাবাহিনীর এক জেনারেল ও চারজন পুলিশসহ অন্তত আট ব্যক্তি নিহত হয়।কর্মকর্তারা জানান, উত্তর বাগদাদের বেইজি শহরে টহল দেওয়ার সময় এক গাড়িবোমা বিস্ফোরণে চারজন পুলিশ সদস্য নিহত হন। এতে বিস্ফোরণস্থলের পাশেই একটি গাড়িতে বসে থাকা এক বেসামরিক নাগরিক নিহত ও সাত ব্যক্তি আহত হয়।অন্য একটি ঘটনায় উত্তর বাগদাদের প্রধানত শিয়া অধ্যুষিত কাধামিয়া এলাকায় ইরাকের সেনাবাহিনীর একজন ব্রিগেডিয়ার জেনারেল তাঁর গাড়িতে পেতে রাখা বোমা বিস্ফোরণে নিহত হন।আরেক শিয়া অধ্যুষিত এলাকা হারিয়ায় বাগদাদ প্রাদেশিক কাউন্সিলের এক কর্মকর্তা একটি তল্লাশি চৌকি অতিক্রম করার সময় তাঁর গাড়িতে পেতে রাখা একটি বোমা বিস্ফোরিত হলে তিনি নিহত হন বলে প্রাদেশিক কাউন্সিলের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।এ ছাড়া বেইজিতে গতকাল বন্দুকধারীরা একটি তেলবাহী ট্যাংকার লক্ষ্য করে গুলি চালালে গাড়ির চালক প্রাণ হারান।সার্বিকভাবে ইরাকে সহিংসতা কিছুটা কমলেও, গত কয়েক সপ্তাহে বিদ্রোহীরা বেশ কয়েকটি হামলা চালায়। এগুলোর মধ্যে দুটি বড় ধরনের আক্রমণ চালানো হয় ইরাকের কেন্দ্রীয় ব্যাংক ও ট্রেড ব্যাংক অব ইরাকের ওপর।—বিবিসি অনলাইন