ইরাকে বোমা বিস্ফোরণে নিহত ১১
ইরাকের উত্তরাঞ্চলের বিরোধপূর্ণ তিনটি শহর ও গ্রামে সিরিজ বোমা বিস্ফোরণে ১১ জন নিহত হয়েছে। আজ সোমবার রাজধানী বাগদাদ ও স্বায়ত্তশাসিত কুর্দিস্তানের মধ্যবর্তী এলাকায় বোমাগুলো বিস্ফোরিত হয়।স্থানীয় সরকারি কর্মকর্তা ও নিরাপত্তাকর্মীদের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানায়, কিরকুক প্রদেশের শিয়া অধ্যুষিত তুজ কুরমাতু জেলায় দুটি বোমার বিস্ফোরণ ঘটানো হয়। এতে চারজন নিহত ও ২৪ জন আহত হয়। এ ছাড়া নিনেবেহ প্রদেশের মসুলের কাছে একটি গাড়িবোমার বিস্ফোরণে সাতজন নিহত হয়। আরেকটি গাড়িবোমার বিস্ফোরণ ঘটে মসুলের কাছে একটি গ্রামে। এতে কোনো ধরনের প্রাণহানি ঘটেনি বলে পুলিশ নিশ্চিত করেছে। রয়টার্স আরও জানায়, কোনো গোষ্ঠী এখনো পর্যন্ত হামলার দায়িত্ব স্বীকার করেনি। তবে ওই সব এলাকায় কেন্দ্রীয় সরকারের সঙ্গে কুর্দিদের বিরোধ রয়েছে। গত মাসে বাগদাদ ও কুর্দিস্তানের পক্ষ থেকে বিরোধপূর্ণ এলাকাগুলোতে সেনাচৌকি পুনঃস্থাপনের জন্য সেনাদল পাঠানো হয়েছিল। এতে ভূমি ও তেলসম্পদের মালিকানা নিয়ে ইরাক ও স্বায়ত্তশাসিত কুর্দিস্তানের মধ্যে উত্তেজনা আবার বেড়ে যায়।