ইরাকে বোমা হামলায় নিহত ২০
ইরাকের কয়েকটি শহরে গাড়িবোমাসহ বিভিন্ন বোমা হামলায় আজ সোমবার প্রায় ২০ জন প্রাণ হারিয়েছেন। রয়টার্স বলেছে, বড় দুটি হামলা সংঘটিত হয়েছে রাজধানী বাগদাদের বিমানবন্দরের তল্লাশি কেন্দ্রে। ইরাকের পুলিশ বলেছে, এসব হামলায় কমপক্ষে ২০০ জন আহত হয়েছেন।বাগদাদ, কিরকুক, তাজ খুরমাতোসহ ইরাকের উত্তর ও দক্ষিণাঞ্চলের অনেক শহরে এমন সময় বোমা হামলা হলো, যখন দেশজুড়ে প্রাদেশিক নির্বাচনের প্রচার শেষপর্যায়ে। আগামী শনিবার ওই নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা।হামলার দায়দায়িত্ব এখনো কেউ স্বীকার করেনি। তবে কয়েক মাস ধরে আল-কায়েদার ইরাকি শাখা ইসলামিক স্টেট অব ইরাক এবং বেশ কয়েকটি সুন্নি উপদল শিয়া নেতৃত্বাধীন সরকারকে হটানোর জন্য হামলা ও প্রচারণার ঘোষণা দিয়ে আসছে।পুলিশ বলেছে, বাগদাদ বিমানবন্দরে গাড়িবোমা হামলায় দুজন মারা গেছেন। পুলিশের একজন সদস্য বলেন, ‘দুটি গাড়ি বাগদাদ বিমানবন্দরে ঢুকে পড়ে এবং ভেতরে গাড়ি পার্ক করে। যখন আমরা নিয়মিত কাজ হিসেবে গাড়িগুলো পরীক্ষা করছিলাম, তখন কয়েক সেকেন্ডের ব্যবধানে গাড়ি দুটি বিস্ফোরিত হয়। দুজন বিমানযাত্রী ওই বিস্ফোরণে প্রাণ হারান।’তবে সবচেয়ে বেশি লোক প্রাণ হারিয়েছেন তাজ খুরমাতো শহরের বিস্ফোরণে। শহরটি বাগদাদ থেকে ১৭০ কিলোমিটার উত্তরে। এখানে টহল পুলিশকে লক্ষ্য করে ছোড়া চারটি বোমায় পাঁচজন প্রাণ হারান এবং আহত হন ৬৭ জন।