ইরাকে বোমা হামলায় নিহত ৫০

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কয়েকটি আত্মঘাতী ও গাড়িবোমা হামলায় ইরাকে অন্তত ৫০ জন নিহত হয়েছেন। রাজধানী বাগদাদের শিয়া-অধ্যুষিত এলাকায় এবং বাগদাদের দক্ষিণাঞ্চলে আজ মঙ্গলবার এ হামলাগুলো ঘটে। যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন বাহিনীর ইরাক আক্রমণের ১০ বছর পূর্তির দিনে এ হামলা চালানো হলো। রয়টার্স জানায়, এ বছরের শুরু থেকে সুন্নি উগ্রপন্থীরা শিয়া-অধ্যুষিত এলাকায় এ ধরনের বোমা হামলা চালিয়ে আসছে। ইরাকের শিয়া প্রধানমন্ত্রী নুরি আল মালিকির সরকারের বিরুদ্ধে সুন্নিরা প্রতিবাদ জানিয়ে আসছিল। সরকারি কর্মকর্তাদের বরাত দিয়ে রয়টার্স জানায়, আজকের এই বোমা হামলাগুলো রাজধানী বাগদাদের একটি ব্যস্ত মার্কেট এবং এর আশেপাশের এলাকায় ঘটানো হয়। বাগদাদের দক্ষিণে শিয়া-অধ্যুষিত শহরের একটি পুলিশ চৌকিতে হামলা চালায় এক আত্মঘাতী বোমা হামলাকারী। তবে হামলার দায়দায়িত্ব কেউ স্বীকার করেনি। বাগদাদের সদর সিটিতে বোমা হামলার প্রত্যক্ষদর্শী আলী রাদি নামের এক ট্যাক্সিচালক বলেন, ‘আমি ট্যাক্সি চালাচ্ছিলাম এবং হঠাত্ ট্যাক্সিতে ঝাঁকুনি অনুভব করলাম। এ সময় চারপাশ ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে যায়। এর মধ্যে আমি দুজনের মৃতদেহ রাস্তায় পড়ে থাকতে দেখলাম। চারপাশের লোকজন দৌড়াদৌড়ি ও চিত্কার করছে।’ যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন বাহিনী সাদ্দাম হোসেনকে ক্ষমতা থেকে উত্খাত করতে সক্ষম হলেও, ইরাকে উগ্রপন্থীদের হামলা এবং রাজনীতিতে শিয়া, সুন্নি ও কুর্দিদের মধ্যে বিরোধ চলছে।মালিকি সরকারের গণমাধ্যম উপদেষ্টা আলী আল-মুসাবির বরাত দিয়ে রয়টার্স আরও জানায়, নিরাপত্তার কথা বিবেচনা করে আজ ইরাকের মন্ত্রিসভায় দুটি প্রদেশের স্থানীয় নির্বাচন স্থগিত করা হয়েছে। নির্বাচন কর্মকর্তাদের হুমকি দেওয়ায় ও সংঘর্ষের আশঙ্কায় এ নির্বাচন স্থগিত করা হয়। আগামী এপ্রিল মাসের ২০ তারিখের দিকে এ নির্বাচন হতে পারে। ২০১০ সালে নুরি আল মালিকির নেতৃত্বাধীন সরকার ক্ষমতা নেওয়ার পর থেকে সুন্নি ও কুর্দিরা তাঁর বিভিন্ন কর্মকাণ্ডের সমালোচনা করে আসছিল। নিরাপত্তা রক্ষীদের অপব্যবহারের মাধ্যমে মালিকি ক্ষমতা কুক্ষিগত করছেন বলে অভিযোগ সুন্নি ও কুর্দিদের।