ইরাকে বোমা হামলায় ৪০ শিয়া তীর্থযাত্রী নিহত
উত্তর বাগদাদের এক তীর্থস্থানে যাওয়ার পথে শিয়াদের ওপর বেশ কয়েকটি বোমা হামলায় গতকাল বুধবার ৪০ জনেরও বেশি নিহত ও প্রায় ১০০ জন আহত হয়েছে।প্রধানত সুন্নি অধ্যুষিত আধামিয়া এলাকার মধ্যদিয়ে ইমাম মুসা আল-কাধিম মসজিদের দিকে যাওয়ার সময় একদল তীর্থযাত্রীর ওপর এক আত্মঘাতী বোমা হামলায় কমপক্ষে ৩০ ব্যক্তি নিহত হয়।বিবিসি অনলাইন জানায়, ইরাকের রাজধানীর বিভিন্ন এলাকায় আরও কয়েকটি বোমা হামলায় ১১ জন মারা যায়।শিয়াদের ওই তীর্থস্থানে চলমান এক ধর্মীয় উত্সবে অংশগ্রহণকারী হাজার হাজার তীর্থযাত্রীকে রক্ষা করার জন্য নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে। মূলত শিয়া অধ্যুষিত কাধিমিয়া এলাকা, যেখানে তীর্থস্থানটি অবস্থিত, সেখানে গাড়ি চলাচল নিষিদ্ধ করা হয়েছে। তীর্থযাত্রীদের আসা-যাওয়ার মূল পথগুলোতে দুই লাখ পুলিশ ও সেনা মোতায়েন করা হয়েছে। আজ বৃহস্পতিবার এই উৎসব শেষ হবে।এ ছাড়া যানবাহনে করে বিস্ফোরক বহন করে হামলা চালানোর ঝুঁকি কমাতে কর্তৃপক্ষ সারা শহরে মোটরসাইকেল, বাইসাইকেল ও ঘোড়ার গাড়ির চলাচল নিষিদ্ধ ঘোষণা করেছে।এই ধর্মীয় উৎসবটি অনুষ্ঠিত হচ্ছে ১২ জন শিয়া ইমামের মধ্যে সপ্তম, মুসা আল-কাধিমের মৃত্যুবার্ষিকী উদযাপন উপলক্ষে। তিনি অষ্টম শতাব্দীতে মৃত্যুবরণ করেন।