ইরাকে বোমা হামলায় নিহত ৩২
ইরাকের দক্ষিণাঞ্চলের শিয়া অধ্যুষিত দুটি শহরে বোমা হামলায় ৩২ জন নিহত ও ৯৬ জন আহত হয়েছে।আজ বৃহস্পতিবার বাগদাদের দক্ষিণের প্রধান শহর হিলার একটি রেস্তোরাঁয় একই সময় দুটি বোমা বিস্ফোরিত হয়। পুলিশ ও হাসপাতালের বরাত দিয়ে আল জাজিরা জানায়, আজ সকালে সাধারণ মানুষ ওই রেস্তোরাঁয় নাশতা খেতে আসে। এ সময় রেস্তোরাঁর পাশে হামলাকারীরা একই সঙ্গে গাড়িবোমা ও রাস্তায় পুঁতে রাখা বোমার বিস্ফোরণ ঘটায়। এতে ৩০ জন নিহত ও কমপক্ষে ৮০ জন আহত হয়। ইরাকের পবিত্র নগর কারবালায় আজ আরেকটি গাড়িবোমা বিস্ফোরণের ঘটনায় দুজন নিহত ও ১৬ জন আহত হয়েছে। পবিত্র আশুরা উপলক্ষে প্রতিবছর এ সময় কারবালায় লাখ লাখ ধর্মপ্রাণ মুসলিম সমবেত হয়। হামলাকারীরা কারবালার পাশেই বোমাসহ গাড়িটি রেখে যায়। পরে এটি বিস্ফোরিত হলে এই হতাহতের ঘটনা ঘটে। এক সপ্তাহের মধ্যে বাগদাদের এই শহরে শিয়া মুসলিমদের বিরুদ্ধে বোমা হামলার এটা দ্বিতীয় ঘটনা। গত মঙ্গলবার এই শহরে তিনটি গাড়িবোমা বিস্ফোরণে ১২ জন নিহত ও অন্তত ৫০ জন আহত হয়।