ইরাকে ব্রিটিশ নিরাপত্তা কোম্পানির ওপর হামলায় চারজন নিহত
ইরাকের উত্তরাঞ্চলে একটি ব্রিটিশ নিরাপত্তা কোম্পানির গাড়িবহরের ওপর এক আত্মঘাতী বোমা হামলায় চারজন বিদেশি নিহত এবং পাঁচজন বেসামরিক ইরাকি আহত হয়েছেন। ইরাকি নিরাপত্তা কর্মকর্তাদের বরাত দিয়ে রয়টার্স জানায়, হামলাকারী গতকাল সোমবার তাঁর গাড়ি নিয়ে গাড়িবহরটির মাঝে ঢুকে পড়েন ও গাড়ি বোমাটির বিস্ফোরণ ঘটান।ব্রিটিশ দূতাবাস জানায়, নিহতদের মধ্যে একজন ব্রিটেনের নাগরিক। অন্যদের পরিচয় এখনো জানা যায়নি।পুলিশ জানায়, বহরের সর্বশেষ গাড়িটি ছিল হামলাকারীর লক্ষ্যবস্তু। বহরটি তখন মসুল শহরের মধ্য দিয়ে যাচ্ছিল। উল্লেখ্য, মসুল একটি বিশৃঙ্খলাপূর্ণ ও বিপজ্জনক শহর, যেখানে আল-কায়েদা এখনও সক্রিয়। গাড়ি বোমাটির শক্তিশালী বিস্ফোরণের ধাক্কায় বহরের ওই সাঁজোয়া গাড়িটি ৪০ মিটার দূরে উড়ে গিয়ে একটি পাহাড়ি খাদে পতিত হলে গাড়ির সব আরোহীই নিহত হন।নাম প্রকাশে অনিচ্ছুক একজন ইরাকি সামরিক কর্মকর্তা উত্তর মসুলের দুর্ঘটনাস্থল থেকে টেলিফোনে বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, ‘আমি গাড়িবহরটির অন্য সদস্যদের বিধ্বস্ত গাড়িটি থেকে চারজন বিদেশি বেসামরিক ব্যক্তির লাশ বের করতে দেখেছি। তাঁদের মধ্যে একজনের শরীর থেকে মাথা বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল।’ ব্রিটিশ দূতাবাস এক বিবৃতিতে বলে, ‘আমরা এটা নিশ্চিত করতে পারি যে আজ সকালে ব্যক্তিমালিকানাধীন একটি ব্রিটিশ নিরাপত্তা কোম্পানির গাড়িবহরের ওপর মসুলে এক হামলায় একজন ব্রিটিশ নাগরিক নিহত হয়েছেন। আমরা দূতাবাস থেকে তাঁর জন্য প্রয়োজনীয় সাহায্য-সহযোগিতার প্রস্তাব দিয়েছি।’ মসুল দীর্ঘকাল ধরে জমি, বিদ্যুৎ ও তেলসম্পদ নিয়ে ইরাকের আরব এবং সংখ্যালঘিষ্ঠ কুর্দিদের মধ্যে চলমান বিরোধের সম্মুখ সারিতে অবস্থান করছে। এ অঞ্চলটি সুন্নি ইসলামি বিদ্রোহীদেরও একটি কেন্দ্রস্থল। এবং মার্কিন সামরিক বাহিনী, যা আগামী ৩১ আগস্ট ইরাকে লড়াই করা বন্ধ করবে, তা মসুলকে ইরাকে আল-কায়েদার সর্বশেষ শহুরে ঘাঁটি হিসেবে গণ্য করে।