ইরাকে মার্কিন বিনিয়োগে মালিকির আহ্বান
ইরাকের প্রধানমন্ত্রী নুরি আল মালিকি মার্কিন ব্যবসায়ী নেতাদের তাঁর দেশে বিনিয়োগের আহ্বান জানিয়েছেন। গতকাল মঙ্গলবার যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে মার্কিন চেম্বার অব কমার্সে দেশটির ব্যবসায়ী নেতার উদ্দেশে এক ভাষণে মালিকি এ আহ্বান জানান বলেই বিবিসি অনলাইন জানিয়েছে।মার্কিন ব্যবসায়ী নেতাদের উদ্দেশে নুরি আর মালিকি বলেছেন, ‘ইরাকের অর্থনীতির সব খাত আমেরিকান ব্যবসায়ীদের জন্য খোলা।’চলতি মাসের শেষের দিকে ইরাক থেকে সব মার্কিন সেনা প্রত্যাহার করা হচ্ছে। এই প্রেক্ষাপটে বছরের পর বছর ধরে চলতে থাকা যুদ্ধের ধকল কাটিয়ে উঠতে নুরি আল মালিকি মার্কিন ব্যবসায়ী নেতাদের এ আহ্বান জানালেন।ইরাকের প্রধানমন্ত্রী বর্তমানে ওয়াশিংটনে অবস্থান করছেন। তাঁর সঙ্গে ইরাকের প্রায় ৪০ জন ব্যবসায়ী নেতা রয়েছেন। নুরি আল মালিকির এই সফরে যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরাকের বেশ কিছু ব্যবসা-বাণিজ্যসংক্রান্ত চুক্তি স্বাক্ষরিত হতে পারে বলে আশা করা হচ্ছে। মার্কিন বিনিয়োগকারীদের উদ্দেশে মালিকি বলেছেন, তেল ছাড়াও স্বাস্থ্যসেবা, টেলিকমিউনিকেশন, নির্মাণ, অর্থনৈতিক খাতসহ ইরাকে বিনিয়োগের অনেক খাত রয়েছে। মালিকি বলেন, ‘ইরাকে মার্কিন প্রতিষ্ঠানের বিনিয়োগের ক্ষেত্র সীমাহীন।’