ইরাকে রাজনৈতিক গ্রুপগুলোর ওপর বোমা হামলা, আহত ১১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইরাকের রাজধানী বাগদাদে বিভিন্ন রাজনৈতিক গ্রুপের ওপর বোমা হামলায় কমপক্ষে ১১ ব্যক্তি আহত হয়েছে। দুজন পুলিশ কর্মকর্তার বরাত দিয়ে আল-জাজিরা অনলাইন জানায়, গতকাল শনিবার রাতে চারটি সুন্নি গ্রুপসহ কমপক্ষে পাঁচটি রাজনৈতিক গ্রুপের কার্যালয় ও নেতৃবৃন্দের বাড়িতে বোমা হামলাগুলো ঘটে। আহতদের মধ্যে তিনজন আগামী ৭ মার্চে অনুষ্ঠিতব্য সাধারণ নির্বাচনে প্রতিদ্বন্দ্বী হিসেবে নিষিদ্ধ ঘোষিত প্রথম সারির সুন্নি নেতা ও পার্লামেন্ট সদস্য সালেহ আল মুতলাকের জন্য কাজ করত। ইরাকের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা বলেন, বোমাগুলোর মধ্যে একটি নিক্ষিপ্ত হয় বাগদাদে সুন্নি মতাবলম্বীদের শক্তিশালী ঘাঁটি আদহামিয়া এলাকায় সালেহ আল মুতলাকের নির্বাচনী কার্যালয়ের ওপর। এ হামলার মাত্র ২৪ ঘণ্টা আগে নিষিদ্ধ ঘোষিত বাথ পার্টির সঙ্গে গোপন সম্পর্ক রক্ষার অভিযোগে সালেহ আল মুতলাক নির্বাচনে অংশ নেওয়ার অধিকার হারান। মুতলাকের দলের নাম জাতীয় সংলাপ ফ্রন্ট। এটি আসন্ন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী একটি ধর্মনিরপেক্ষ জোটের সদস্য। হায়দার আল-মুল্লাহ নামের এক নেতা, যিনি জাতীয় সংলাপ ফ্রন্টের পক্ষ থেকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন, তিনি বলেন, ‘এটি ইরাকের জাতীয়তাবাদী শক্তি এবং বিশেষ করে মুতলাকের বিরুদ্ধে চালানো এক গোপন হামলা। আমরা আগেই সাবধান করে দিয়েছিলাম যে আমাদের বিরুদ্ধে হামলা হবে।’স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ওই কর্মকর্তা বলেন, শনিবার রাতে ধর্মনিরপেক্ষ রাজনৈতিক দলগুলোর কার্যালয় লক্ষ্য করে আরও চারটি বোমা নিক্ষেপ করা হয়। পাঁচটি বোমা হামলাই ঘটে ইরাকের স্থানীয় সময় রাত ৯টা থেকে ১০টার মধ্যে।এ হামলার ঘটনা ঘটল এমন এক সময়ে, যখন ইরাকের সাবেক প্রেসিডেন্ট সাদ্দাম হোসেনের সঙ্গে সম্পর্ক থাকার কারণ দেখিয়ে শত শত প্রতিদ্বন্দ্বীকে নির্বাচনে অংশ নেওয়ার অধিকার থেকে বঞ্চিত করার পর শিয়াদের নেতৃত্বাধীন সরকার ও সুন্নিদের মধ্যে উত্তেজনা ক্রমেই তুঙ্গে উঠছে। গত শুক্রবারে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার অধিকার কেড়ে নেওয়ার আগে, আল-মুতলাক ছিলেন দ্বিতীয় প্রধান প্রতিদ্বন্দ্বী ও ইয়াদ আলাভির ধর্মনিরপেক্ষ ইরাকিয়া তালিকায় শীর্ষ সুিন্ন ব্যক্তিত্ব। আলাভি ইরাকের একজন সাবেক প্রধানমন্ত্রী।শনিবার হামলার আগে ইরাকিয়া জানায়, আল-মুতলাক ও ওই জোটের অন্য সদস্যদের নির্বাচনে অংশগ্রহণের অধিকার হরণের সিদ্ধান্তের পটভূমিতে এটি তার নির্বাচনী প্রচারণা বন্ধ রাখছে। ‘ইরাকিয়া তার নির্বাচনী প্রচারণা বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে’, দলের একজন মুখপাত্র ও পার্লামেন্ট সদস্য মাইসুন আল-দামালদুজি এক ঘোষণায় এ কথা জানান। আল-দামালদুজি বলেন, ইরাকিয়া নির্বাচনে অংশগ্রহণের ওপর নিষেধাজ্ঞাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যাবে এবং এ বিষয়ে আলোচনা করার জন্য পার্লামেন্টের একটি জরুরি বৈঠক আয়োজনের চেষ্টা করছে।এ ছাড়াও ইরাকিয়া নেতৃবৃন্দ প্রেসিডেন্ট জালাল তালাবানি, পার্লামেন্টের স্পিকার ইয়াদ আল-সামাররাই ও প্রধানমন্ত্রী নুরি আল-মালিকির কাছে ‘আগামী তিন দিনের মধ্যে নির্বাচনের জন্য সবচেয়ে ভালো পরিবেশ কীভাবে সৃষ্টি করা যায় তা খুঁজে বের করতে’ তাঁদের সঙ্গে একটি বৈঠকে বসার অনুরোধ জানিয়েছেন।