ইরাকে সিরিজ হামলায় নিহত ১০২: আল-কায়েদাকে দায়ী করা হচ্ছে
ইরাকের রাজধানী বাগদাদ, বসরাসহ বিভিন্ন শহরে বোমা হামলা, গুলিবর্ষণে গতকাল সোমবার অন্তত ১০২ ব্যক্তি নিহত এবং কমপক্ষে তিন শতাধিক লোক আহত হয়। এসব হামলা হয় বিভিন্ন বাজার, একটি কাপড়ের মিল, নিরাপত্তা চৌকি ও অন্যান্য নানা স্থানে। হামলার জন্য আল-কায়েদাকে দায়ী করছে সরকার ও নিরাপত্তা বাহিনী। প্রথম হামলাটি হয় বাগদাদের দক্ষিণে হিল্লা শহরে। হিল্লার একটি কাপড়ের মিলের কর্মীরা যখন একটি শিফটের কাজ শেষে বাড়ি ফিরছিলেন, তখন দুই ব্যক্তি কারখানার প্রবেশপথে দুটি আত্মঘাতী গাড়ি বোমা হামলা চালায়। আহত কর্মীদের উদ্ধার ও সাহায্য করার জন্য পুলিশ, চিকিত্সকেরা যখন সেখানে এগিয়ে যান, তখন তৃতীয় একটি বোমা বিস্ফোরিত হয়। এ ঘটনায় অন্তত ৪৫ জন নিহত ও ১৯০ জন আহত হওয়ার কথা জানিয়েছে স্থানীয় পুলিশ।বাগদাদের দক্ষিণে বসরা শহরে আরও তিনটি গাড়ি বোমা হামলায় ২১ জন নিহত ও ৭০ জন আহত হয় বলে জানায় নিরাপত্তা বাহিনী ও হাসপাতাল সূত্র। প্রথম গাড়ি বোমাটি বিস্ফোরিত হয় বসরার কেন্দ্রীয় বাজার এলাকায়। দ্বিতীয় বোমাটি বিস্ফোরিত হয় উত্তর বসরায় একটি পেট্রল স্টেশনের কাছে এবং তৃতীয়টি বিস্ফোরিত হয় একটি আবাসিক এলাকায়।এর আগে বাগদাদের ৫০ কিলোমিটার দক্ষিণ-পূর্বের আল-সুওয়েরা শহরের বাজারে চালানো একটি আত্মঘাতী বোমা হামলায় ১৩ জন নিহত ও ৪০ জন আহত হয় বলে জানিয়েছেন ওয়াসিত প্রাদেশিক কাউন্সিলের কর্মকর্তা মজিদ আকসার। এদিকে স্বরাস্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, সোমবার ভোরে বাগদাদের ছয়টি নিরাপত্তা চৌকিতে বন্দুকধারীদের হামলায় অন্তত সাত জন সেনা সদস্য ও একজন পুলিশ নিহত হয়। এ ছাড়া পশ্চিমাঞ্চলীয় আনবার প্রদেশে, উত্তরাঞ্চলীয় মসুল শহরে, বাগদাদের উত্তর ও পশ্চিম দিকের শহরতলিসহ আরও কয়েকটি স্থানে পরিচালিত এক গুচ্ছ হামলায় হতাহতদের সংখ্যা মিলিয়ে সোমবারের আক্রমণে নিহতের মোট সংখ্যা হবে অন্তত ১০২ এবং আহতের সংখ্যা কমপক্ষে ৩৫০। মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র জানিয়েছেন, গতকালের হামলায় মার্কিন কোনো অভিযান ব্যাহত হয়নি বা কোনো ব্যক্তি হতাহত হয়নি। ওই মুখপাত্র আরও বলেন, সরকার ও নিরাপত্তা বাহিনীর ওপর ইরাকি জনগণের যে আস্থা এসব হামলা তাতে চিড় ধরাতে পারবে না। ইরাকি স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে আরও বলা হয়, এই হামলার মাধ্যম্যে এটা প্রমাণিত হলো, আল-কায়েদা যেকোনো স্থানে হামলা চালাতে সক্ষম। কেননা সর্বত্রই তাদের যোগাযোগ রয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নিরাপত্তাবিষয়ক মুখপাত্র মেজর জেনারেল কাসিম আল মৌসাই জানান, ইরাকে আল-কায়েদার ওপর কয়েকটি বড় ধরনের অভিযান চালানোর পরও কিছু ছোট ছোট সেল এখনও সক্রিয় এবং তাঁদের উপস্থিতি ও প্রভাব প্রচার করার কাজে তত্পর রয়েছে। — রয়টার্স