ইরাকে ১১ জনের মৃত্যুদণ্ড কার্যকর
আন্তর্জাতিক সম্প্রদায়ের অনুরোধ উপেক্ষা করে ইরাকি কর্তৃপক্ষ ১১ জনের মৃত্যুদণ্ডাদেশ কার্যকর করেছে। এ নিয়ে এ বছর দেশটি ১১৩ জনের মৃত্যুদণ্ড কার্যকর করল। গতকাল রোববার দেশটির বিচার মন্ত্রণালয়ের বরাত দিয়ে বিবিসি অনলাইনের খবরে এ কথা জানানো হয়।খবরে বলা হয়, এই ১১ জনের মধ্যে ১০ জন ইরাকি ও একজন আলজেরিয়ার নাগরিক। সন্ত্রাসী কর্মকাণ্ডের দায়ে তাঁরা সাজা পান। জাতিসংঘের মানবাধিকার-বিষয়ক কমিশনার নাভি পিল্লাই এ পরিস্থিতিকে ‘আতঙ্কজনক’ বলে মন্তব্য করেছেন। গত জানুয়ারিতেও তিনি ইরাকে বিচারের যথাযথ প্রক্রিয়া ও স্বচ্ছতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন।ইরাকে সম্প্রতি মৃত্যুদণ্ডের সংখ্যা বেড়ে যাওয়ায় জাতিসংঘ, যুক্তরাজ্য, ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ও মানবাধিকার সংগঠন অ্যামনেস্টি ইন্টারন্যাশনালসহ আন্তর্জাতিক সম্প্রদায় উদ্বেগ প্রকাশ করে মৃত্যুদণ্ড রদ করার আহ্বান জানায়।২০০৩ সালে ইরাকের প্রেসিডেন্ট সাদ্দাম হোসেনের পতনের পর ইরাকে মৃত্যুদণ্ড কার্যকরে সাময়িক বিরতি আনা হয়। তবে এ বছর মৃত্যুদণ্ড কার্যকরের প্রবণতা বাড়া সম্পর্কে ইরাক কর্তৃপক্ষ বলছে, বিদ্রোহী ও গোষ্ঠীগত হামলা-সহিংসতা বন্ধে এমন শাস্তির প্রয়োজন আছে।