ইরাকের ওপর থেকে জাতিসংঘের অবরোধ প্রত্যাহার
জাতিসংঘের নিরাপত্তা পরিষদ ১৯ বছর আগে সাদ্দাম সরকারের সময় ইরাকের ওপর আরোপ করা সব আন্তর্জাতিক অবরোধ তুলে নিতে ভোট দিয়েছে। সম্প্রতি ইরাকে যে রাজনৈতিক অগ্রগতি সাধিত হয়েছে, তাকে স্বীকৃতি দিতেই জাতিসংঘের নিরাপত্তা পরিষদে এই ভোট অনুষ্ঠিত হলো। এর মধ্য দিয়ে সাদ্দাম আমলে ইরাককে মানবতা বিধ্বংসী পরমাণু, রাসায়নিক ও জৈব অস্ত্র তৈরি করা থেকে বিরত রাখতে যে অবরোধ আরোপ করা হয়েছিল, তার সমাপ্তি ঘটল। ১৯৯১ সালে কুয়েত আক্রমণের পর বাগদাদের ওপর প্রথমবারের মতো আন্তর্জাতিক অবরোধ আরোপ করা হয়। তবে ২০০৩ সালে দেশটির ওপর থেকে বাণিজ্য, বিনিয়োগ এবং অস্ত্রসংক্রান্ত নিষেধাজ্ঞা অল্পমাত্রায় তুলে নেওয়া হয়।জাতিসংঘের নিরাপত্তা পরিষদ তাদের এক বিবৃতিতে বলেছে, ইরাকের বর্তমান অবস্থা অবরোধ আরোপকালীন সময় থেকে খুবই ভিন্ন। এটাকে স্বীকৃতি দিতেই অবরোধ তুলে নেওয়া হয়েছে।ইরাকের পররাষ্ট্রমন্ত্রী হোসেয়ার জেবারি এক প্রতিক্রিয়ায় বলেছেন, অতীতের সরকার কর্তৃক সংঘটিত ভুল ও যুদ্ধের কারণে যেসব অবরোধ আরোপিত হয়েছিল তা থেকে ইরাক আজ মুক্ত। বিবিসি।