ইরাকের ক্ষমতাসীন ভাইস প্রেসিডেন্টের মৃত্যুদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে আজ রোববার ইরাকের ভাইস প্রেসিডেন্ট তারিক আল-হাশিমিকে মৃত্যুদণ্ড দিয়েছেন দেশটির এক আদালত। সরকারি কর্মকর্তাদের বরাত দিয়ে সিএনএনের খবরে বলা হয়, শাস্তি এড়াতে আল-হাশিমি কয়েক মাস ধরে পলাতক।ইরাকের সর্বোচ্চ বিচার সভার মুখপাত্র আবদুল সাত্তার আল-বের্কদার বলেন, একজন নারী আইনজীবী ও একজন সেনাবাহিনীর জেনারেলের হত্যায় আল-হাশিমির সরাসরি জড়িত থাকার প্রমাণ পাওয়ার পর তাঁকে মৃত্যুদণ্ড দেওয়া হয়।আল বের্কদার বলেন, ‘আল-হাশিমির বিরুদ্ধে অনেক অভিযোগ থাকলেও, এই প্রথম তিনি কোনো মামলায় সাজা পেলেন।’ ইরাকের কেন্দ্রীয় ফৌজদারি আদালত আল-হাশিমি ও তাঁর জামাতা আহমেদ খাতানকে ওই মামলায় শাস্তি দেন। তবে খাতান এখন পর্যন্ত পলাতক। মামলার রায়কে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে অভিহিত করেছেন আল-হাশিমি। ইরাকের পার্লামেন্ট তাঁর রাজনৈতিক কর্মকাণ্ড থেকে দূরে সরে যাচ্ছে—এমন অভিযোগ তুলে আল-হাশিমির নেতৃত্বাধীন সুন্নি সংখ্যাগরিষ্ঠ ইরাকিয়া জোট গত বছর পার্লামেন্টের কাজকর্মে অংশগ্রহণ করা থেকে বিরত থাকে। এ ঘটনার পর আল-হাশিমির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়। অভিযোগ আছে, তিনি একটি হত্যাকারী দলের নেতৃত্ব দিচ্ছেন। চাপের মুখে তাঁর দল আবারও পার্লামেন্টে ফিরে যেতে বাধ্য হয়। তবে তখন থেকেই পলাতক আল-হাশিমি।