ইরাকের তিকরিতে দুই বোমা হামলায় নিহত ২১
ইরাকের তিকরিতে গতকাল শুক্রবার দুটি বোমা হামলায় কমপক্ষে ২১ ব্যক্তি নিহত এবং ৭০ জনেরও বেশি আহত হয়েছে। দেশটির কর্মকর্তাদের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে। তিকরিতে একটি মসজিদ থেকে জুমার নামাজ শেষ করে বের হয়ে আসা মুসল্লিদের লক্ষ্য করে প্রথম বোমা হামলাটি চালানো হয় । বোমাটি রাস্তার পাশে পুঁতে রাখা হয়েছিল। সালাহউদ্দিন প্রদেশের স্বাস্থ্য বিভাগের প্রধান রায়েদ ইব্রাহিম জানিয়েছেন, এ ঘটনায় ১৫ ব্যক্তি নিহত এবং ৬১ জন আহত হয়েছে। এ ঘটনায় আহতদের তিকরিত হাসপাতালে চিকিত্সার জন্য নিয়ে যাওয়া হয়। এ সময় এক আত্মঘাতী বোমা হামলাকারী তাঁর সঙ্গে থাকা বোমার বিস্ফোরণ ঘটায়। এতে ছয় ব্যক্তি নিহত এবং ১০ জন আহত হয়েছে বলে পুলিশ জানিয়েছে।ইরাকের সাবেক প্রেসিডেন্ট সাদ্দাম হোসেনের জন্মস্থান তিকরিত। সুন্নি অধ্যুষিত তিকরিতে প্রায়ই এ ধরনের হামলার ঘটনা ঘটে। গত মার্চ মাসে বন্দুকধারীর গুলিতে এলাকাটিতে ৫৩ ব্যক্তি নিহত হয়েছে।