ইরাকের ভাইস প্রেসিডেন্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
ইরাকের ভাইস প্রেসিডেন্ট তারিক আল-হাশেমির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। এতে দেশটিতে সরকার পতন ও জাতিগত উত্তেজনা ছড়িয়ে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে।বিবিসি অনলাইনের খবরে আজ মঙ্গলবার ইরাকের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাদের বরাত দিয়ে জানানো হয়, সন্ত্রাস দমন আইনের অধীনে হাশেমির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে কর্তৃপক্ষ। মন্ত্রণালয়টির ঊর্ধ্বতন কর্মকর্তা মেজর জেনারেল কামাল হোসাইন বলেন, সন্ত্রাসবিরোধী আইনের ৪ ধারায় ভাইস প্রেসিডেন্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। পরোয়ানায় পাঁচজন বিচারক স্বাক্ষর করেছেন।হাশেমির কয়েকজন দেহরক্ষী গ্রেপ্তার হওয়ার পর তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারির এ পরোয়ানা এল। অভিযোগ উঠেছে, জিজ্ঞাসাবাদের হাশেমির দেহরক্ষীরা সন্ত্রাসবাদের সঙ্গে তাঁর সংশ্লিষ্টতার কথা বলেছেন।ইরাকের রাষ্ট্র-নিয়ন্ত্রিত টেলিভিশন গতকাল সোমবার জানায়, অভিযুক্ত ব্যক্তিরা হাশেমির বিরুদ্ধে সন্ত্রাসবাদের সঙ্গে জড়িত থাকার বিষয়ে স্বীকারোক্তি দিয়েছে। সরকারি ও পুলিশ কর্মকর্তাদের ওপর হামলা চালানোর জন্য তাঁদেরকে অর্থ দিয়েছে হাশেমির দপ্তর। অভিযুক্ত এক ব্যক্তি জানান, এ জন্য হাশেমি নিজেই ওই ব্যক্তিকে তিন হাজার মার্কিন ডলার দিয়েছেন। তবে ইরাকিয়া পার্টি এ অভিযোগ অস্বীকার করেছে।হাশেমির দেশ ত্যাগের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। খবরে বলা হয়, তিনি গত রোববার বিমানে করে আধা স্বায়ত্তশাসিত অঞ্চল কুর্দিস্তানে যান। তবে বিশ্লেষকেরা বলছেন, শিগগিরই তাঁকে গ্রেপ্তার করা না-ও হতে পারে।বিবিসি জানায়, হাশেমির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা গত শনিবার জারি করা হয়। সুন্নি রাজনৈতিক গোষ্ঠীদের সঙ্গে সমঝোতার করার জন্য এ ঘোষণায় দেরি করা হয়। দেশটির প্রধান সুন্নি রাজনৈতিক গোষ্ঠী আল-ইরাকিয়া পার্টি জানিয়েছে, তারা গ্রেপ্তারি পরোয়ানার প্রতিবাদে মন্ত্রিসভা বর্জন করছে। ইরাকের সুন্নি জনগোষ্ঠীর প্রতিনিধিত্বকারী আল-ইরাকিয়া ইতিমধ্যে পার্লামেন্ট থেকে তাঁদের সমর্থন প্রত্যাহার করে নিয়েছেন। শিয়াপন্থী প্রধানমন্ত্রী নুরি আল-মালিকির বিরুদ্ধে ক্ষমতা কুক্ষিগত করার অভিযোগ করেছে দলটি। সুন্নিপন্থী হাশেমি প্রধানমন্ত্রী মালিকির কড়া সমালোচক।বিশ্লেষকেরা বলছেন, ঐকমত্যের সরকার গঠনের এক বছরের পর ইরাক এখন সবচেয়ে বড় রাজনৈতিক সংকটের মোকাবিলা করছে। ইরাক থেকে সব মার্কিন সেনা প্রত্যাহার করে নেওয়ার কয়েক দিনের মধ্যে এ সংকট দেখা দিল।