ইরাকের ভুল সিরিয়ায় করবেন না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাশিয়া আজ শুক্রবার যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ার করে বলেছে, ‘মিথ্যা অজুহাত দেখিয়ে ইরাকে হামলা করে যে ভুল করেছিলেন, তা সিরিয়ার ক্ষেত্রে করবেন না।’ সিরিয়ায় সরকার বিদ্রোহীদের দমনে রাসায়নিক অস্ত্র ব্যবহার করেছে, যুক্তরাষ্ট্র এমন প্রমাণসহ কিছু নথিপত্র রাশিয়ার কাছে হস্তান্তর করেছিল। রাশিয়ার পক্ষ থেকে আজ বলা হয়েছে, ওই সব নথিতে ‘সন্তুষ্ট নয়’ রাশিয়া। এএফপির বরাত দিয়ে টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়েছে, ইরাকের প্রেসিডেন্ট সাদ্দাম হোসেনকে ক্ষমতা থেকে হটাতে যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা মিথ্যা গল্প ফেঁদেছিল যে, সাদ্দাম হোসেন বিশ্বকে ধ্বংস করতে হাজার হাজার ব্যাপকবিধ্বংসী অস্ত্র তৈরি করেছেন। তাই তাঁকে ঠেকাতে ইরাক আক্রমণ করতে হবে। অথচ ইরাকযুদ্ধের নির্মমতা ও নিষ্ঠুরতার শিকার কেবল সাদ্দাম হোসেন নয়, ইরাকের কোটি কোটি মানুষ। এতে একটি সভ্যতা পুরোপুরি ধ্বংস হয়ে গেছে।ক্রেমলিনের পররাষ্ট্রনীতি-বিষয়ক উপদেষ্টা ইউরি উশাকভ আজ গণমাধ্যমকে বলেন, যুক্তরাষ্ট্র সিরিয়ার বিদ্রোহীদের অস্ত্র সরবরাহ করার সিদ্ধান্ত নিয়েছে। এতে রক্তক্ষয়ী লড়াই বন্ধে আন্তর্জাতিক উদ্যোগ ক্ষতির মুখোমুখি হবে। এখন পর্যন্ত সিরিয়ার যুদ্ধে প্রায় ৯০ হাজার মানুষ প্রাণ হারিয়েছেন।আসছে সপ্তাহে উত্তর আয়ারল্যান্ডে অনুষ্ঠেয় জি-এইট শীর্ষ সম্মেলনে সিরিয়ার বিষয়ে করণীয় নির্ধারণের কথা রয়েছে। সিরিয়ায় রাসায়নিক অস্ত্র ব্যবহার বিষয়ে রাশিয়াকে দেওয়া মার্কিন নথি সম্পর্কে উশাকভ বলেন, ‘আমেরিকানরা যা দিয়েছে, তাতে আমরা সন্তুষ্ট নই।...একই রকম ঘটনা ঘটুক, তা আমি চাইব না। আমি বিশ্বাস করি না, নিরাপত্তা কমিটির আলোচিত বৈঠকে কলিন পাওয়েল (সাবেক মার্কিন প্রতিরক্ষামন্ত্রী) যেসব তথ্য নিয়ে হইচই করেছিলেন, এবারও তেমন কিছু হাজির করা হবে।’কার্যত উশাকভ ২০০৩ সালে জাতিসংঘের নিরাপত্তা কমিশনের বৈঠকের কথা উল্লেখ করেছেন। ওই বৈঠকে বক্তব্য দেওয়ার সময় কলিন পাওয়েল একটি শিশি বের করে সবাইকে দেখান। তিনি বলেন, ‘এই শিশিতে অ্যানথ্রাক্স আছে এবং এতে এটাই প্রমাণিত হয় যে, ইরাক গণবিধ্বংসী অস্ত্র নির্মাণের কর্মসূচি চালিয়ে যাচ্ছে।’সে সময় জর্জ ওয়াকার বুশের প্রশাসন বারবার বিশ্বকে বোঝানোর চেষ্টা করেছে যে ইরাকে আক্রমণ চালানো উচিত। কিন্তু বাগদাদের পতনের পর মার্কিন প্রশাসনের সব গোমর ফাঁস হয়ে যায়। রুশ পার্লামেন্টের নিম্নকক্ষের সদস্যরা উশাকভের চেয়ে কঠোর অবস্থানে আছেন। তাঁরা বলেছেন, ওয়াশিংটন বোকার মতো অভিযোগ করছে যে আসাদের সরকার বিদ্রোহীদের দমনে রাসায়নিক অস্ত্র ব্যবহার করেছে। পার্লামেন্টের সদস্য আলেক্সি পুশকভ টুইটারে লিখেছেন, ‘(সাদ্দাম) হোসেনের গণবিধ্বংসী অস্ত্র নিয়ে যে ধরনের মিথ্যাচার করা হয়েছিল, একই ধরনের মিথ্যাচার চলছে আসাদের রাসায়নিক অস্ত্র ব্যবহার নিয়ে।’পুশকভ আরও লিখেছেন, ‘কেন আসাদ বিদ্রোহীদের দমনে “খুব অল্প” রাসায়নিক অস্ত্র ব্যবহার করবে? এর মানে কী? এসব বলার মানে কি বাইরে থেকে আক্রমণের অজুহাত খোঁজা? এর কোনো অর্থই হয় না।’