ইরাকের রাজনৈতিক পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের উদ্বেগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইরাকের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জে বাইডেন। দেশটির ভাইস প্রেসিডেন্ট তারিক আল-হাশেমির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির পরিপ্রেক্ষিতে গতকাল মঙ্গলবার এক বিবৃতিতে বাইডেন এ উদ্বেগ প্রকাশ করেন বলে বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়েছে।ওই বিবৃতিতে বাইডেন জানিয়েছেন, ইরাকের বর্তমান পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করছে যুক্তরাষ্ট্র। একই সঙ্গে ওয়াশিংটন ইরাকের সঙ্গে কৌশলগত অংশীদারির ব্যাপারে প্রতিশ্রুতিবদ্ধ।সব ধরনের মতভেদ ভুলে একসঙ্গে কাজ করার জন্য জে বাইডেন ইরাকের প্রধানমন্ত্রী ও অন্যান্য প্রধান দলের নেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন।সন্ত্রাসবাদের অভিযোগে ইরাকের সুন্নি অনুসারী ভাইস প্রেসিডেন্ট তারিক আল-হাশেমির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে দেশটির একটি বিচার বিভাগীয় কমিটি। এ ঘটনায় দেশটিতে জাতিগত সহিংসতা ও রাজনৈতিক অস্থিতিশীলতা সৃষ্টির আশঙ্কা দেখা দিয়েছে।এদিকে হাশেমি তাঁর বিরুদ্ধে আনা সন্ত্রাসবাদের অভিযোগ অস্বীকার করেছেন। তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির জন্য তিনি প্রধানমন্ত্রীকে দায়ী করে বলেছেন, সুন্নিদের হটিয়ে ক্ষমতা পাকাপোক্ত করতেই নুরি আল মালিকি এ পদক্ষেপ নিয়েছেন।