ইরান, ব্রাজিল ও তুরস্কের মধ্যে পরমাণু জ্বালানিসংক্রান্ত চুক্তি স্বাক্ষর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইসলামী প্রজাতন্ত্র ইরানের পারমাণবিক উচ্চাকাঙ্ক্ষা সম্পর্কে আন্তর্জাতিক সম্প্রদায়ের উদ্বেগ কমাতে এবং বিশ্বের প্রধান তেল সরবরাহকারী এই দেশটির ওপর অবরোধ আরোপ এড়াতে ইরান আজ সোমবার ব্রাজিল ও তুরস্কের সঙ্গে পরমাণু জ্বালানিসংক্রান্ত একটি বিনিময় চুক্তি স্বাক্ষর করেছে। তেহরানে এই তিনটি দেশের নেতারা যে চুক্তি করেছেন, তার শর্তাবলি পুরোপুরি জানা যায়নি এবং এই চুক্তিটি তেহরানের ওপর জাতিসংঘের শাস্তিমূলক অবরোধ আরোপের উদ্দেশ্যে আলোচনা চালিয়ে যাওয়া ক্ষমতাধর দেশগুলোকে কতখানি সস্তুষ্ট করবে, তাও বলা যাচ্ছে না।ইরান বলছে, দেশটি চিকিত্সা-গবেষণার কাজে ব্যবহার করার উদ্দেশে এক হাজার ২০০ কেজি লো-এনরিচড ইউরেনিয়ামের (এলইইউ) পরিবর্তে বিদেশ থেকে উচ্চমানের পরমাণু জ্বালানি আমদানি করবে।ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রামিন মেহমানপারাসত বলেন, তুরস্কে এই বিনিময় অনুষ্ঠিত হবে। তিনি আরও বলেন, ইরান তার প্রতিবেশীকে এক মাসের মধ্যে এলইইউ পাঠাবে। এই বিনিময় তুরস্কে জাতিসংঘের পরমাণু সংস্থার পর্যবেক্ষকদের অধীনে অনুষ্ঠিত হবে বলে তিনি জানান।বরাবরই পশ্চিমা দেশগুলোর আনীত পরমাণু বোমা তৈরির অভিযোগ অস্বীকার করে আসা দেশ ইরান এর আগে দেশটির অভ্যন্তরে এই ধরনের বিনিময়ের বিষয়টি দৃঢ়ভাবে ঘোষণা করেছিল।তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী আহমেত দাভুটোগলু রয়টার্সকে বলেন, তেহরান পরমাণু জ্বালানি-বিনিময়ে সম্মত হওয়ার পর জাতিসংঘের অবরোধ আরোপের আর কোনো যুক্তি নেই।তেহরানে চুক্তি স্বাক্ষরের পর দাভুটোগলু বলেন, ‘ইরান যে বিনিময় চুক্তি স্বাক্ষর করেছে, তা প্রমাণ করে যে তেহরান গঠনমূলক পথে চলছে। এখন আর নতুন করে অবরোধ আরোপ অথবা জোর প্রয়োগের পথ খোলা নেই।’ইরানের প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদ ইরানের পরমাণু কার্যক্রমের ওপর নতুন করে আলোচনার জন্য বিশ্বের ছয়টি ক্ষমতাবান দেশকে আহ্বান জানিয়েছেন।আহমাদিনেজাদ জাতিসংঘের সিকিউরিটি কাউন্সিলের স্থায়ী পাঁচ সদস্য ও অস্থায়ী সদস্য জার্মানকে উদ্দেশ করে বলেন, সততা, ন্যায় ও পারস্পরিক শ্রদ্ধার ভিত্তিতে ইরানের সঙ্গে আলোচনা চালানোর এটাই উপযুক্ত সময়।তবে তেহরানের ওপর অবরোধ আরোপে নেতৃত্ব দেওয়া ওয়াশিংটন এ ব্যাপারে তাত্ক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি।