ইরান আক্রমণ নিয়ে চিন্তিত যুক্তরাষ্ট্র (ভিডিও )

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইরানে যেকোনো ধরনের সামরিক পদক্ষেপের ব্যাপারে গতকাল বুধবার সতর্কবাণী উচ্চারণ করেছে যুক্তরাষ্ট্র। হোয়াইট হাউস বলেছে, এমন পদক্ষেপ এক ‘ভয়াবহ অস্থিতিশীল’ পরিস্থিতি তৈরি করবে, যা আফগানিস্তান ও ইরাকে অবস্থানরত আমেরিকানদের নিরাপত্তাকে হুমকিতে ফেলতে পারে।আগামী সোমবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা ও ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর মধ্যে অনুষ্ঠেয় পূর্বপরিকল্পিত বৈঠকের আগে ওয়াশিংটন এই সতর্কতা উচ্চারণ করল। হোয়াইট হাউসের মুখপাত্র জে কারনি বলেন, ‘ইরানের বিরুদ্ধে যেকোনো সামরিক ব্যবস্থা ওই অঞ্চলে অধিকতর অস্থিতিশীল পরিস্থিতির হুমকি সৃষ্টি করবে।’বিশ্লেষকদের অভিমত, ইরানের বিতর্কিত পরমাণু কর্মসূচি বন্ধে দেশটির ওপর সম্ভাব্য হামলার বিষয়ে সাম্প্রতিক সপ্তাহগুলোয় ইসরায়েল আন্তর্জাতিক সম্প্রদায়কে মিশ্র বার্তা দিয়েছে। আর এর পরিপ্রেক্ষিতেই হোয়াইট হাউস এ প্রতিক্রিয়া ব্যক্ত করল।

এক নিয়মিত সংবাদ ব্রিফিংয়ে কারনি বলেন, ‘ইরানের সঙ্গে আফগানিস্তান ও ইরাক—উভয় দেশের সীমান্ত রয়েছে; ইরাকে আমাদের বেসামরিক কর্মী এবং আফগানিস্তানে সামরিক বাহিনীর পাশাপাশি বেসামরিক কর্মীরাও রয়েছেন।’ তিনি আরও বলেন, এ ছাড়া ইরান পরমাণু অস্ত্র তৈরি করছে—যুক্তরাষ্ট্রের কাছে এমন কোনো অকাট্য প্রমাণও নেই।বিশ্লেষকেরা বলেন, ইরানের পরমাণু কর্মসূচিতে আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা বা আইএইএর তদারকিসহ অন্যান্য রাজনৈতিক পন্থায় এ সংকটের সমাধানে আগ্রহী ওবামা প্রশাসন। এ পন্থার অংশ হিসেবে কারনি বলেন, ‘তেহরানের ওপর আমরা (কূটনৈতিক) চাপ অব্যাহত রেখেছি। কিন্তু আমি মনে করি, এটিও স্মরণ রাখা গুরুত্বপূর্ণ যে এই অব্যাহত চাপ সত্ত্বেও ইরান আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে তার দায়বদ্ধতার তোয়াক্কা না করে বিতর্কিত কর্মসূচি চালিয়ে যাচ্ছে।’ইরান ক্রমাগত জোর দিয়ে বলছে, বিদ্যুত্ উত্পাদন কিংবা ক্যানসার চিকিত্সার মতো কেবলই শান্তিপূর্ণ উদ্দেশ্যে তারা পরমাণু কর্মসূচির উন্নয়ন ঘটাচ্ছে। একই সঙ্গে দেশটি পরমাণু অস্ত্র তৈরির পরিকল্পনার কথাও নাকচ করছে। তবে ইরানের এই দাবির বিরুদ্ধে কণ্ঠ জোরালো করেছে ইসরায়েল। জে কারনি বলেন, ‘ইরানের কর্মসূচি পরমাণু অস্ত্র তৈরিতে ব্যবহূত হচ্ছে কি না, সে ব্যাপারে তথ্যের ঘাটতির কারণে এর আগে ওবামা প্রশাসনের গৃহীত নীতিই এখনো অপরিবর্তিত রাখতে বাধ্য হতে হচ্ছে।’ অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপের মতো পদক্ষেপের মাধ্যমে ইরানকে তার পরমাণু কর্মসূচি বাতিল না করা পর্যন্ত একঘরে করে রাখা—এ নীতির একটি বলে মন্তব্য করেন তিনি।এদিকে ইরানি প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদ বলেছেন, তিনি তাঁর দেশের পরমাণু কর্মসূচি চালিয়ে যেতে বদ্ধপরিকর। যদিও তিনি সংকট নিয়ে আলোচনায় পশ্চিমা দেশগুলোতে মধ্যস্থতাকারী পাঠিয়েছেন।ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু জানান, সোমবার হোয়াইট হাউসে প্রেসিডেন্ট বারাক ওবামার সঙ্গে তাঁর অনুষ্ঠেয় বৈঠকে ইরানের পরমাণু কর্মসূচিই ‘প্রধান আলোচ্যসূচি’ হবে। বিশ্লেষকেরা বলছেন, ইরানের ওপর হামলা না চালাতে ইসরায়েলের ওপর ওবামা প্রশাসনের চাপ তেলআবিব ও ওয়াশিংটনের মধ্যকার সম্পর্কে কিছুটা হলেও চিড় ধরিয়েছে। গত সেপ্টেম্বরে ওবামার সঙ্গে সাক্ষাতের পর নেতানিয়াহুর জন্য এটিই প্রথম বারের মতো যুক্তরাষ্ট্র সফর। ওয়েবসাইট।