ইরান এ বছর পরমাণু অস্ত্র বানাতে পারবে না: আইএসআইএস
ইরান চলতি বছর পরমাণু অস্ত্র তৈরি করতে পারবে না। কারণ, এই অস্ত্র নির্মাণের জন্য প্রয়োজনীয় পরমাণু উত্পাদনের সক্ষমতা তাদের নেই। মার্কিন সরকারের অর্থায়নে ইনস্টিটিউট ফর সায়েন্স অ্যান্ড ইন্টারন্যাশনাল সিকিউরিটির (আইএসআইএস) এক খসড়া প্রতিবেদনে গতকাল বুধবার এ কথা বলা হয়েছে।ইরানের পরমাণু কার্যক্রম নিয়ে তেহরানের সঙ্গে ওয়াশিংটন ও তাদের মিত্রদের চরম কূটনৈতিক উত্তেজনা চলছে। ইতিমধ্যে নানামুখী অবরোধের মুখে পড়েছে তেহরান। তবে ইরানের পরমাণু কার্যক্রম সম্পর্কে আইএসআইএসের এই প্রতিবেদনে আগের চেয়ে অধিক সহনীয় মনোভাব প্রকাশ করেছে। প্রতিবেদনটি এখনো জনসম্মুখে প্রকাশ করা হয়নি। এতে বলা হয়, ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধ করার বর্তমান সক্ষমতায় তেহরানের পক্ষে পরমাণু অস্ত্র তৈরি করা সম্ভব নয়।ইউনাইটেড স্টেট ইনস্টিটিউট অব পিসের অর্থায়নে আইএসআইএস এই প্রতিবেদন তৈরি করেছে। মার্কিন কংগ্রেস এই স্বাধীন সংস্থাটির অর্থায়ন করে থাকে।