ইরান ও ইসরায়েলের যুদ্ধ হলে...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইসরায়েলি কূটনীতিক মাটান ভিলনাই বলেছেন, ইসরায়েল ইরানে হামলা চালালে যে যুদ্ধের সূচনা হবে, তা এক মাস স্থায়ী হতে পারে। তিনি বলেন, ৩০ দিনের এই যুদ্ধের জন্য ইসরায়েল প্রস্তুত। যুদ্ধে ৫০০ জন ইসরায়েলি নিহত হতে পারে। গতকাল বৃহস্পতিবার বিবিসি অনলাইনের এক খবরে তাঁর এক সাক্ষাত্কারের বরাত দিয়ে এ কথা জানানো হয়। ভিলনাই শিগগিরই চীনে ইসরায়েলি রাষ্ট্রদূত হিসেবে যোগ দিচ্ছেন।ইসরায়েলি পত্রিকা মারিভকে দেওয়া এক সাক্ষাত্কারে মাটান ভিলনাই ইরানের সঙ্গে ইসরায়েলের যুদ্ধ হলে পরিস্থিতি কী দাঁড়াতে পারে, এ ব্যাপারে নিজের ধারণা তুলে ধরেন। তিনি বলেন, ইরানের সঙ্গে ইসরায়েলের সম্মুখযুদ্ধ হবে। ইসরায়েলের শহরগুলো লক্ষ্য করে ইরান শত শত ক্ষেপণাস্ত্র ছুড়তে পারে। তিনি বলেন, সম্ভাব্য এই আক্রমণে ইসরায়েলের সঙ্গী হতে পারে যুক্তরাষ্ট্রও। তবে ইসরায়েলও প্রস্তুত রয়েছে।এরই মধ্যে রিচার্ড সিলভারস্টেইন নামে এক মার্কিন ব্লগার ইরানে ইসরায়েলের সম্ভাব্য আক্রমণ সম্পর্কে একটি ধারণা প্রকাশ করেছেন। এর আগে ইসরায়েলের নিরাপত্তা পরিষদ ইরানের পারমাণবিক অস্ত্র তৈরির প্রক্রিয়া রোধ করতে দেশটির সেনাবাহিনীর কর্মপরিকল্পনার রূপরেখা নির্ধারণ করে।সিলভারস্টেইনের ব্লগে প্রকাশিত তথ্যমতে, ইরানের পারমাণবিক স্থাপনার পাশাপাশি সেনানিয়ন্ত্রণব্যবস্থা, গবেষণা ও উন্নয়নসুবিধা এবং পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র উন্নয়নবিষয়ক প্রকল্পের জ্যেষ্ঠ কর্মকর্তাদের বাসস্থান লক্ষ্য করেও ক্ষেপণাস্ত্র হামলা চালানোর সিদ্ধান্ত নিয়েছে ইসরায়েল।বিবিসির কূটনৈতিক প্রতিবেদক জনাথন মার্কাস বলেন, প্রাপ্ত দলিলগুলোর যথার্থতা যাচাই করা সম্ভব নয়। কিন্তু প্রস্তাবিত অভিযানের ফলাফল সুদূরপ্রসারী হতে পারে বলে ধারণা করা যায়। ইরান পরিষ্কারভাবে বলে দিয়েছে, ইসরায়েল বা যুক্তরাষ্ট্র দেশটিতে হামলা চালালে তারাও সরাসরি বা অন্য উপায়ে এর জবাব দেবে। ভিলনাই বলেন, যুদ্ধের জন্য ইসরায়েল এর আগে কখনো এ ধরনের প্রস্তুতি নেয়নি।প্রতিরক্ষামন্ত্রী এহুদ বারাকের মতো তিনিও বিশ্বাস করেন, যুদ্ধে ইসরায়েলের ৫০০ জন মানুষ নিহত হতে পারে। ভিলনাই বলেন, ৩০ দিন পর্যন্ত স্থায়ী হতে যাওয়া এই যুদ্ধে লেবাননভিত্তিক শিয়া ইসলামি আন্দোলন, হিজবুল্লাহ ও ফিলিস্তিনের ইসলামি জঙ্গি সংগঠনও যোগ দিতে পারে বলে আভাস পাওয়া যাচ্ছে।