ইরান ও বিশ্বশক্তির আলোচনা ব্যর্থ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইরানের পারমাণবিক গবেষণা কর্মসূচি নিয়ে দেশটির সঙ্গে ছয় বিশ্বশক্তির আলোচনা আবারও ব্যর্থ হয়েছে। প্রায় এক দশক ধরে চলা অচলাবস্থা নিরসনে উভয় পক্ষ কাজাখস্তানের আলমাতি নগরে গতকাল শনিবার দুই দিনের বৈঠক শেষ করে। এ বৈঠকে উভয় পক্ষের মধ্যে নতুন কোনো ধরনের আলোচনা হয়নি। এ বছরের শুরুর দিকে বিশ্বশক্তিগুলোর পক্ষ থেকে বলা হয়েছিল, আলোচনার সময় শেষ হয়ে আসছে, তবে এ বিষয়ে কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত থাকবে।ইরান পারমাণবিক বোমা বানাতে চায় বলে বিশ্বশক্তির পক্ষ থেকে অভিযোগ করা হয়ে থাকে। ইরানের পারমাণবিক শক্তিধর দেশ হওয়ার বিষয়টিকে ইসরায়েল হুমকি হিসেবে বিবেচনা করে। মধ্যপ্রাচ্যে একমাত্র ইসরায়েলের কাছেই পারমাণবিক বোমা আছে বলে ধারণা করা হয়। আগামী জুনে ইরানে প্রেসিডেন্ট নির্বাচন হওয়ার কথা রয়েছে। তাই আলমাতির এ আলোচনায় বিশেষ কোনো অগ্রগতির সম্ভাবনা ছিল খুব কম।ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্র নীতিবিষয়ক প্রধান ও বিশ্বশক্তির পক্ষের মুখ্য আলোচক ক্যাথরিন অ্যাশটন এক সংবাদ সম্মেলনে বলেন, উভয় পক্ষের মধ্যে দীর্ঘ আলোচনার পরও এ বিষয়ে কোনো ধরনের অগ্রগতি হয়নি। তিনি বলেন, ‘এটা স্পষ্ট যে মূল বিষয়বস্তুর ওপর দুই পক্ষের অবস্থানের বিরাট পার্থক্য রয়ে গেছে।’ আলোচনায় ইরানকে তার ওপর আরোপিত কঠিন আর্থিক নিষেধাজ্ঞা শিথিলের বিনিময়ে পারমাণবিক কর্মসূচি স্থগিত করার প্রস্তাব দেওয়া হয়। এ ধরনের প্রস্তাব ইরান সব সময়ই প্রত্যাখ্যান করে আসছে। ইরান তার পারমাণবিক কর্মসূচি শান্তিপূর্ণ উপায়ে পরিচালিত হয় বলে দাবি করে থাকে। তবে ইসরায়েল মনে করে, এ ধরনের কর্মসূচি শান্তির জন্য হুমকি।উল্লেখযোগ্য অগ্রগতি নেইযুক্তরাষ্ট্রের এক জ্যেষ্ঠ সরকারি কর্মকর্তা বলেন, আলোচনায় কোনো ধরনের অগ্রগতি হয়নি। তবে এ বছর ছয় বিশ্বশক্তির সঙ্গে ইরানি আলোচকদের এ দীর্ঘ আলোচনা ইতিবাচক অগ্রগতি হিসেবে বিবেচিত হবে। ওই কর্মকর্তা বলেন, ‘এ আলোচনায় বড় ধরনের সাফল্য অর্জিত হয়নি, তবে এটা একেবারে নেতিবাচকও নয়।’ তিনি বলেন, ‘আমাদের ইচ্ছা আছে আলোচনা চালিয়ে যাওয়ার।’ ইরানের প্রতিনিধি দলের প্রধান সাঈদ জলিলি পরিস্থিতি স্বীকার করে বলেছেন, বিষয়টি নিয়ে উভয় পক্ষের মধ্যে ব্যবধান রয়েছে। তিনি বলেন, ‘আমরা আমাদের পরিকল্পনা উপস্থাপন করেছি। ওই পক্ষ বলেছে, তারা এর জন্য প্রস্তুত নয় এবং এটি খতিয়ে দেখতে তাদের কিছু সময় দরকার।’ ইরান বলে আসছে, তারা পারমাণবিক বিদ্যুত্ উত্পাদন করতে এবং চিকিত্সার কাজে ইউরেনিয়াম সমৃদ্ধ করছে।পশ্চিমা কিছু কূটনীতিক এবং মধ্যপ্রাচ্যবিষয়ক বিশেষজ্ঞ জানান, আগামী জুনে দেশটির প্রেসিডেন্ট নির্বাচনের কারণে পরমাণু কর্মসূচি নিয়ে ইসলামি প্রজাতন্ত্রের দেশটির সঙ্গে পশ্চিমা দেশগুলোর আলোচনায় অগ্রগতি অনিশ্চয়তার মুখে পড়ল। উপায়রয়টার্স বলছে, ইরানের ওপর অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরও কড়াকড়ি করা একটি ভালো উপায় হতে পারে। এ নিষেধাজ্ঞা দেশটির তেল ও ব্যাংক খাতে প্রভাব বিস্তার করতে পারে। ওই সরকারি কর্মকর্তা বলেন, ‘আলোচনায় আমরা যা শুনেছি, তা আমাদের বিশ্লেষণ করতে হবে এবং এ বিষয়ে অগ্রগতির ক্ষেত্রে কোন সিদ্ধান্ত নেওয়া ফলপ্রসূ হবে, সে বিষয়ে সিদ্ধান্ত নিতে হবে।’ যুক্তরাষ্ট্রের রয়াল ইউনাইটেড সার্ভিসেস ইনস্টিটিউটের জ্যেষ্ঠ কর্মকর্তা ও মধ্যপ্রাচ্যবিষয়ক বিশেষজ্ঞ শশাঙ্ক যোশি এ বিষয়ে বলেন, ‘আমি মনে করি না যে যুদ্ধের সম্ভাবনা ক্রমে বাড়ছে। ইরানের প্রেসিডেন্ট নির্বাচন পর্যন্ত উভয় পক্ষের কূটনৈতিক তৎপরতা চালিয়ে যাওয়া উচিত।’