ইরান চাইলে সরাসরি সংলাপ: যুক্তরাষ্ট্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইরানের পারমাণবিক গবেষণা নিয়ে বিতর্কের অবসানে দেশটির সঙ্গে সরাসরি সংলাপে বসতে রাজি আছে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জো বাইডেন আজ শনিবার বলেন, ‘যদি ইরান সংলাপের ব্যাপারে আন্তরিক হয়, তবে তা সম্ভব। “কেবল মজা করার জন্য” যুক্তরাষ্ট্র কোনো সংলাপে বসবে না।’ যুক্তরাষ্ট্র এর আগে বেশ কয়েকবার ইরানের সঙ্গে সংলাপে বসার আগ্রহ দেখিয়েছে। জাতিসংঘের নিরাপত্তা পরিষদের পাঁচ স্থায়ী সদস্য ও জার্মানির সঙ্গে ইরানের সংলাপ খুব বেশি দূর এগোয়নি। তবে শিগগিরই ষষ্ঠ শক্তির সঙ্গে ইরান আলোচনায় বসবে বলে ধারণা করা হচ্ছে। আন্তর্জাতিক নিষেধাজ্ঞা অবজ্ঞা করে গত মাসে ইরান তার ইউরেনিয়াম পরিশোধনের প্রক্রিয়া চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে।বাইডেন আজকের সম্মেলনে বলেন, ‘সময় ফুরিয়ে আসছে। সাফল্যের জন্য এখনো কূটনৈতিক চাপ অব্যাহত রাখার অবকাশ আছে।’ তিনি আরও বলেন, ‘বল এখন ইরান সরকারের কোর্টে। তাদের ওপরই নির্ভর করছে, কতটুকু আস্থার সঙ্গে দরকষাকষি হবে।’ওয়াশিংটন কবে তেহরানের সঙ্গে বসতে পারে, এমন প্রশ্নের জবাবে বাইডেন বলেন, ‘যখন ইরানের নেতারা, তাঁদের সর্বোচ্চ নেতা আন্তরিকভাবে তা চাইবেন।’মিউনিখ নিরাপত্তা সম্মেলনে বাইডেন বলেন, ‘আমরা কেবল খেলাচ্ছলে তা করতে চাই না।’ ইরান বলে আসছে, পারমাণবিক বোমা বানানো তার লক্ষ্য নয়। দেশটির দাবি, পারমাণবিক শক্তিকে শান্তিপূর্ণ কাজে ব্যবহারের অধিকার তার আছে। তবে যুক্তরাষ্ট্রসহ অনেক পশ্চিমা দেশের ধারণা, ইরান বোমা বানাতে চলেছে। ৪৯তম মিউনিখ নিরাপত্তা সম্মেলন গতকাল শুক্রবার শুরু হয়েছে। এতে প্রায় ৯০টি দেশের প্রতিনিধিরা অংশ নিচ্ছেন।