ইরান থেকে তেল আমদানি কমাবে না ভারত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নের নিষেধাজ্ঞা সত্ত্বেও ইরান থেকে তেল আমদানি কমাবে না ভারত। ভারতের অর্থমন্ত্রী প্রণব মুখার্জি গতকাল রোববার যুক্তরাষ্ট্রের শিকাগোতে এ তথ্য জানিয়েছেন। বার্তা সংস্থা রয়টার্সের খবরে এ কথা জানানো হয়েছে। ভারতে মার্কিন বিনিয়োগ আকর্ষণের উদ্দেশ্যে দুই দিনের যুক্তরাষ্ট্র সফরের শেষে অর্থমন্ত্রী প্রণব মুখার্জি শিকাগোতে এমন মন্তব্য করেন। সাংবাদিকদের তিনি বলেন, ‘ইরানের তেল ছাড়া ভারত কিছুই করতে পারবে না।’যুক্তরাষ্ট্রের আহ্বানে ইরান থেকে তেল আমদানি কমানোর ব্যাপারে সাংবাদিকদের প্রশ্নে জবাবে প্রণব মুখার্জি বলেন, ইরান থেকে তেল আমদানি কমিয়ে দেওয়ার ব্যাপারে আকস্মিক কোনো সিদ্ধান্ত গ্রহণ ভারতের পক্ষে সম্ভব নয়। কারণ, উদীয়মান অর্থনীতির দেশটির চাহিদা অনুযায়ী যেসব দেশ তেল সরবরাহ করে, তাদের মধ্যে ইরান অন্যতম গুরুত্বপূর্ণ দেশ।ভারত বিশ্বের চতুর্থ বৃহত্ তেল আমদানিকারক দেশ। ভারত তাদের মোট চাহিদার ১২ শতাংশ তেল ইরান থেকে আমদানি করে।ইরানের পরমাণু কার্যক্রম ঠেকাতে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়ন তেহরানের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে। ইরানের তেলের সবচেয়ে বড় আমদানিকারক এশিয়া। এশিয়ার দেশগুলো যাতে ইরানের তেল আমদানি কমিয়ে দেয় সেই লক্ষ্যে তত্পরতা চালাচ্ছে ওয়াশিংটন।তেহরান পরমাণু অস্ত্র তৈরির চেষ্টা করছে বলে প্রথম থেকেই অভিযোগ করে আসছে ওয়াশিংটন ও তার মিত্ররা। তবে ওয়াশিংটনের এ অভিযোগ নাকচ করে দিয়ে তেহরান দাবি করেছে, শান্তিপূর্ণ উদ্দেশ্যেই তারা পরমাণু কার্যক্রম পরিচালনা করছে।