ইরান থেকে তেল আমদানি করবে না ইইউ
ইরানের পরিশোধিত তেল আমদানির ওপর নিষেধাজ্ঞা আরোপে সম্মত হয়েছে ইউরোপীয় ইউনিয়নভুক্ত (ইইউ) দেশগুলো। দেশটির পরমাণু কর্মসূচির ওপর চাপ অব্যাহত রাখার কৌশল হিসেবে এ সিদ্ধান্ত নিয়েছে ইইউ।জানুয়ারির শেষ দিকে অনুষ্ঠেয় ইইউভুক্ত দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের সম্মেলনে এ ব্যাপারে আনুষ্ঠানিক সিদ্ধান্ত নেওয়া হবে। যুক্তরাষ্ট্র ইইউর এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে। বিবিসি অনলাইন এ খবর প্রকাশ করেছে। খবরে বলা হয়, পরমাণু কর্মসূচির ব্যাপারে পশ্চিমাদের অভিযোগ নাকচ করে দিয়েছে ইরান।ইউরোপীয় ইউনিয়নের এ সিদ্ধান্তের ফলে আন্তর্জাতিক বাজারে তেলের দাম বাড়ার আশঙ্কা করা হচ্ছে। ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী এলেইন জাপি বলেন, পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠক হবে ৩০ জানুয়ারি। এ সভায় ইরান থেকে তেল আমদানি বন্ধের সিদ্ধান্ত নেওয়া হবে। তিনি ইরানের তেল গ্রহীতা ইইউভুক্ত দেশগুলোকে বিকল্পব্যবস্থা করে দেওয়ার কথা বলেন। ফ্রান্স গত মঙ্গলবার ইরানের ওপর ‘কঠোরতর’ নিষেধাজ্ঞা আরোপের আহ্বান জানায়। ইরানের তেলের মোট ১৭ শতাংশ বিক্রি হয় ইউরোপে।গত নভেম্বরে যুক্তরাষ্ট্র, কানাডা ও ইংল্যান্ড ইরানের বিরুদ্ধে নতুন অবরোধ আরোপের ঘোষণা দেয়।