ইরান নিয়ে ছয় দেশের তোড়জোড়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইরানকে পারমাণবিক কর্মসূচি থেকে বিরত রাখা এবং সামরিক সংঘাত এড়াতে তেহরানের সঙ্গে নতুন করে আলোচনায় বসার কথা ভাবছে বিশ্বের ছয় প্রভাবশালী দেশ। সমঝোতায় পৌঁছাতে ইরানের সামনে কী কী শর্ত রাখা হবে, তা নির্ধারণ করতে আজ বুধবার বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে এক বৈঠকে বসবেন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানি, রাশিয়া ও চীনের জ্যেষ্ঠ সরকারি কর্মকর্তারা। বার্তা সংস্থা রয়টার্সের প্রকাশিত খবরে এ কথা জানানো হয়েছে।এর আগে মতৈক্যে পৌঁছাতে না পারায় এ বছর ইরানের সঙ্গে পশ্চিমা দেশগুলোর পর পর তিনটি আলোচনা ভেস্তে যায়। সম্প্রতি আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার (আইএইএ) ফাঁস হওয়া এক প্রতিবেদন থেকে জানা যায়, ইউরেনিয়াম সমৃদ্ধকরণ আরও বাড়াতে যাচ্ছে ইরান। এ তথ্য প্রকাশের পর তেহরানের সঙ্গে আবার আলোচনায় বসতে উদ্যোগী হয় পশ্চিমা দেশগুলো। বারাক ওবামা দ্বিতীয় মেয়াদে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় ইরানের সঙ্গে নতুন করে আলোচনায় বসার পথ তৈরি হয়েছে বলে মনে করা হচ্ছে।যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের মধ্যপ্রাচ্যবিষয়ক রাজনৈতিক কর্মকর্তা অ্যারিয়েল র্যাটনারের বরাত দিয়ে রয়টার্স জানায়, ইরানের পারমাণবিক স্থাপনা লক্ষ্য করে হামলা চালানো হবে—ইসরায়েলের এমন হুমকির মুখে এবারও কোনো সমঝোতায় পৌঁছানো যাবে কি না তা নিয়ে সংশয় থেকে যাচ্ছে। কূটনীতিকদের মতে, আগামী মাসে তুরস্কের ইস্তাম্বুলে ইরানের সঙ্গে আলোচনায় বসতে পারে ওই ছয় প্রভাবশালী দেশ। আলোচনায় পশ্চিমা বিশ্বের পক্ষ থেকে পরিকল্পনা হাজির করবেন ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতি-বিষয়ক প্রধান ক্যাথেরিন অ্যাশটন।ইরান পারমাণবিক অস্ত্র তৈরির চেষ্টা করছে—পশ্চিমাদের এমন অভিযোগ বরাবরই অস্বীকার করে আসছে তেহরান। পশ্চিমা বিশ্বের আরোপিত অবরোধ তুলে নেওয়ারও দাবি জানিয়ে আসছে তারা। ইরানকে আলোচনার টেবিলে আনতে সমঝোতার পরিবর্তে তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া অধিক যুক্তিযুক্ত মনে করছে পশ্চিমারা। গত মাসে ইরান থেকে অপরিশোধিত তেল ও প্রাকৃতিক গ্যাস আমদানির ওপর কড়াকড়ি আরোপ করে ইউরোপীয় ইউনিয়ন।