ইরান নিয়ে ছয় দেশের বৈঠক শুরু
ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে কাজাখস্তানের আলমাতিতে দুই দিনের এক বৈঠক আজ মঙ্গলবার শুরু হচ্ছে। এতে ইরানের কাছে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কমিয়ে আনার প্রস্তাব করা হবে। বিনিময়ে দেশটির ওপর আরোপিত কিছু নিষেধাজ্ঞা তুলে নেওয়া হবে। গতকাল মঙ্গলবার একজন মার্কিন কর্মকর্তার বরাত দিয়ে রয়টার্সের খবরে এ কথা জানানো হয়।ইরানের সঙ্গে এই আলোচনায় অংশ নেবে যুক্তরাষ্ট্র, রাশিয়া, চীন, জার্মানি, যুক্তরাজ্য ও ফ্রান্স। নাম না প্রকাশ করার শর্তে ওই কর্মকর্তা বলেন, ইরান তাদের পারমাণবিক কর্মসূচি নিয়ে পশ্চিমা বিশ্বের উদ্বেগের বিষয়টিকে গুরুত্ব না দিলে তারা আরও অর্থনৈতিক দুরবস্থার মধ্যে পড়ে যাবে। তিনি বলেন, প্রস্তাব প্রত্যাখ্যাত হলে ইরানের ওপর নিষেধাজ্ঞা আরোপ চলতেই থাকবে। ইরানের এমন অনেক ক্ষেত্র আছে, যেখানে চাপ প্রয়োগ করা যেতে পারে।বৈঠকে ইউরোপীয় ইউনিয়নের বৈদেশিক নীতির প্রধান ক্যাথেরিন অ্যাশটন নেতৃত্ব দেবেন। তিনি বলেন, ইরানকে বুঝতে হবে যে কাজাখস্তানের আলোচনার সুনির্দিষ্ট ও বাস্তবসম্মত অগ্রগতি জরুরি প্রয়োজন।যুক্তরাষ্ট্র ও রাশিয়া বলেছে, বিতর্কিত এ বিষয়টি নিয়ে মধ্যপ্রাচ্যে নতুন একটি যুদ্ধ শুরু হওয়ার যে আশঙ্কা দেখা দিয়েছে, এর সমাধানে যথেষ্ট সময় নেই।মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি লন্ডনে বলেন, ‘কূটনৈতিক সমাধানের জন্য দ্বার সারা জীবন খোলা থাকে না। আজ তা উন্মুক্ত হচ্ছে, এখনই।’ তিনি বলেন, তাঁরা একটা দৃঢ় বিশ্বাস নিয়ে ইরানের সঙ্গে এ ব্যাপারে সমঝোতা করতে চান।যুক্তরাষ্ট্রের সন্দেহ, পরমাণু প্রকল্পের পাশাপাশি ইরান পরমাণু অস্ত্র তৈরি করছে এবং তা মধ্যপ্রাচ্যে ছড়িয়ে দিতে পারে। এ কারণে তারা ইরানের সঙ্গে সমঝোতা প্রস্তাব করতে চায়। তবে যুক্তরাষ্ট্রের এই অভিযোগ অস্বীকার করে ইরান দাবি করেছে, তারা শান্তিপূর্ণ উদ্দেশ্যে পরমাণু প্রকল্প নিয়ে কাজ করছে।রাশিয়ার উপপররাষ্ট্রমন্ত্রী সার্গেই র্যাবকভ বলেন, ‘এ ব্যাপারে আর কোনো সময় নষ্ট করা হবে না।’