ইরান পরমাণু বোমা তৈরির কাছাকাছি, দাবি ইসরায়েলের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইরান পরমাণু বোমা তৈরির কাজে ধারণার চেয়েও এগিয়ে গেছে। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু গতকাল রোববার এ দাবি করে বলেন, জাতিসংঘের পরমাণু পর্যবেক্ষক সংস্থা আইএইএয়ের প্রতিবেদনে দেশটির পরমাণু কর্মসূচি সম্পর্কে বিস্তারিত চিত্র উঠে আসেনি।ইরানের পরমাণু কার্যক্রম সম্পর্কে সম্প্রতি আইএইএয়ের প্রকাশিত প্রতিবেদন নিয়ে ইসরায়েলের মন্ত্রিসভার সঙ্গে এক আলোচনায় প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এ মন্তব্য করেছেন। তাঁর দপ্তরের কর্মকর্তাদের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে। ওই প্রতিবেদনে বলা হয়, তেহরান পরমাণু বোমার নকশা তৈরির জন্য বেশ কয়েকবার পরীক্ষা চালিয়েছে। তবে ওই প্রতিবেদনকে ভিত্তিহীন ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে অভিহিত করেছে ইরান।ইরানের পরমাণু তত্পরতা সম্পর্কে নেতানিয়াহু তাঁর মন্ত্রিপরিষদকে বলেন, ‘জাতিসংঘের প্রতিবেদনে যে লিখিত প্রমাণ আছে, বাস্তবে আমরা আরও অনেক কিছুই দেখতে পাই।’ তবে নেতানিয়াহুর কাছে অতিরিক্ত আর কী তথ্য আছে, তা তিনি সুস্পষ্ট করেননি। সময় ফুরিয়ে যাওয়ার আগেই ইরানকে পরমাণু বোমা তৈরির প্রতিযোগিতা থেকে বিরত রাখতে বিশ্ব সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছেন নেতানিয়াহু।