আফগানিস্তানের পাশাপাশি পাকিস্তানে অস্থিতিশীলতার জন্য যুক্তরাষ্ট্র দায়ী। এ অঞ্চলে মার্কিন সেনা উপস্থিতি ইরানের নিরাপত্তার জন্যও বড় হুমকি। যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে এ অভিযোগ ইরানের পররাষ্ট্রমন্ত্রী মানচেহের মোত্তাকির। তেহরানে পাকিস্তানি সাংবাদিক প্রতিনিধিদলের সঙ্গে আলাপকালে তিনি বলেন, আফগানিস্তানে মার্কিন সেনাসংখ্যা বৃদ্ধি এ বছর গোটা অঞ্চলেই নতুন সংকট তৈরি করতে পারে। আর এই সংকটের দায়দায়িত্ব মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামাকেই নিতে হবে।মোত্তাকি বেশ খোলামনে পাকিস্তানি সাংবাদিকদের সব প্রশ্নের উত্তর দেন। তিনি বলেন, এ অঞ্চলে মার্কিন সেনারা পৌঁছানোর পর থেকে আফগানিস্তান আরও বেশি অনিরাপদ ও সমস্যাজর্জরিত। মোত্তাকি বিদ্রূপের সঙ্গে বলেন, ‘মার্কিন বাহিনী আফগানিস্তানে বিয়ের অনুষ্ঠানে বোমা ফেলছে, নিরপরাধ মানুষ হত্যা করছে। অথচ প্রতিবছর আফগানিস্তানে আট হাজার টনের বেশি আফিম উত্পাদন হলেও তা নিয়ে যুক্তরাষ্ট্রের কোনো মাথাব্যথা নেই। তারা আমাদের কোনো সমস্যার সমাধান করতে পারে না। কেবল সমস্যা বাড়াতে পারে।’বেলুচিস্তানের পাকিস্তান ও ইরান অংশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির বিষয়েও মোত্তাকি মন্তব্য করেন। তিনি বলেন, আবদুল মালিকের নেতৃত্বে জিনদুল্লাহ নামের একটি সন্ত্রাসী গ্রুপ ইরান-বেলুচিস্তান অংশে বোমা বিস্ফোরণ ও অপহরণ ঘটনার জন্য দায়ী। পাকিস্তানে তাদের কিছু নিরাপদ আশ্রয় আছে। মোত্তাকি বলেন, ‘আমাদের প্রত্যাশা, শিগগিরই পাকিস্তান এই সন্ত্রাসী গ্রুপের বিরুদ্ধে ব্যবস্থা নেবে। কিংবা তাদের বিরুদ্ধে আমাদের সঙ্গে যৌথ অভিযানও চালাতে পারে। অথবা পাকিস্তানে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ইরানকে অনুমতি দিতে পারে।’মোত্তাকি বলেন, ইসলামাবাদের অনুমতি ছাড়া বেলুচিস্তানের পাকিস্তানি অংশে ইরান কখনো অভিযান শুরু করবে না। কিন্তু কয়েকটি ক্ষমতাধর দেশ কিছু সন্ত্রাসী গ্রুপের মাধ্যমে ইরান ও পাকিস্তানের মধ্যে ভুল বোঝাবুঝি সৃষ্টির চেষ্টা চালাচ্ছে।২০০৮ সালের ১৪ নভেম্বর পেশোয়ার থেকে ইরানি কূটনীতিক হাসমত উল্লাহকে অপহরণের ঘটনাও মোত্তাকির জন্য আরেকটি উদ্বেগের বিষয় ছিল। তিনি জানান, পাকিস্তান কেন ইরানি কূটনীতিককে উদ্ধার করতে ব্যর্থ, বেলুচিস্তানে জিনদুল্লাহর গোপন আস্তানা ধ্বংস করতে পারছে না কেন—এমন প্রশ্নের ব্যাখ্যা দিতে তাঁকে দশবার ইরানি পার্লামেন্টে ডাকা হয়।ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, দুই দেশের মধ্যে গ্যাস পাইপলাইন প্রকল্পের সাফল্যের জন্য বেলুচিস্তানের ইরান ও পাকিস্তান অংশে স্থিতিশীলতা জরুরি। তিনি দাবি করেন, ইরান যেকোনো সময় ‘শান্তির পাইপলাইন’ প্রকল্প শুরু করতে প্রস্তুত। এ ব্যাপারে পাকিস্তান ও ইরানের মধ্যে সব বিষয় চূড়ান্তও করা হয়েছে। এই প্রকল্পের সুবিধা পেতে ভারত কিছু সময় নেবে। তবে ভারতকে ছাড়াই এই প্রকল্প শুরু করা যেতে পারে বলে মোত্তাকি ঘোষণা দেন।মোত্তাকি অভিযোগ করে বলেন, গ্যাস পাইপলাইন প্রকল্পে যুক্তরাষ্ট্র বিরোধ তৈরির চেষ্টা করছে। তিনি বলেন, যুক্তরাষ্ট্র ও ভারতের মধ্যে সম্পর্ক বাড়ছে। তবে এ অঞ্চলের অন্য দেশগুলোর সঙ্গে ভারতের সম্পর্কের ক্ষেত্রে এর প্রভাব থাকা উচিত নয়। তিনি আস্থার সঙ্গে বলেন, যুক্তরাষ্ট্রের চাপ থাকা সত্ত্বেও পাকিস্তান গ্যাস পাইপলাইন প্রকল্প শুরু করতে দ্বিধা করবে না। তিনি বলেন, ইরান ও পাকিস্তানের দ্বিপক্ষীয় সব সম্পর্কের ক্ষেত্রে তৃতীয় কোনো দেশের হস্তক্ষেপ বরদাস্ত করা হবে না। শিগগিরই ইরান ও পাকিস্তানের সঙ্গে শান্তির গ্যাস পাইপলাইন প্রকল্পে চীনও যোগ দিতে পারে বলে মোত্তাকি ইঙ্গিত দেন।মোত্তাকি বলেন, মার্কিন নিষেধাজ্ঞা সত্ত্বেও ইরান দ্রুত অগ্রগতির পথে এগোচ্ছে। বর্তমানে ইরানের সব বড় বড় হোটেল ইউরোপীয়, মধ্য এশীয়, আফ্রিকান, তুর্কি, আফগান ও আরব ব্যবসায়ীতে ভর্তি। মার্কিন প্রেসিডেন্ট ইতিমধ্যে ইরানি নয় এমন কোম্পানির ওপর নিষেধাজ্ঞা আরোপের উপায় খুঁজছেন। এসব কোম্পানি ইরানের জ্বালানি খাতের সঙ্গে যুক্ত। তেহরানের আশঙ্কা, এ বছর ইরান আক্রমণ করতে আফগানিস্তানের ঘাঁটিগুলো যুক্তরাষ্ট্র ব্যবহার করতে পারে। আর এতে গোটা অঞ্চলই অস্থিতিশীল হয়ে উঠবে।মোত্তাকি বলেন, গত ২০ মাসে পাকিস্তানি প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি দুবার ইরান সফর করেছেন। আর ইরানি প্রেসিডেন্ট আহমাদিনেজাদ পাকিস্তান সফর করেছেন একবার। অদূর ভবিষ্যতে ইরানি প্রেসিডেন্ট আবারও পাকিস্তানে যাবেন। তিনি নিশ্চিত করে বলেন, ইরানি প্রেসিডেন্টের আসন্ন ইসলামাবাদ সফরে দুই দেশের সম্পর্কে বড় ধরনের সাফল্য বয়ে আসবে এবং প্রতিরক্ষা, গোয়েন্দা সহযোগিতা, ব্যবসা-বাণিজ্য খাতে নতুন কয়েকটি চুক্তিতে সই হবে।