ইরান-পাকিস্তান সীমান্তে ভূমিকম্পে নিহত ২১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইরান-পাকিস্তান সীমান্তে আজ মঙ্গলবার ৭.৮ মাত্রার এক ভূমিকম্পে পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে প্রায় ২১ জন প্রাণ হারিয়েছে। ‘দ্য ডন’ জানায়, এতে আহত হয়েছে আরও প্রায় ৬০ জন। পাকিস্তানের কর্মকর্তারা ‘দ্য ডন’কে জানান, দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় প্রদেশ বেলুচিস্তানে ভূমিকম্পে ২১ জন প্রাণ হারিয়েছে। বেলুচিস্তানের ওয়াশুক এলাকার মাশকেলে কয়েক শ ঘরবাড়ি ধসে গেছে। এ এলাকায় মৃতের সংখ্যা বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে। অনেক দোকান ও ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে।পাকিস্তানের কুয়েতা, পিশিন, কিলা আবদুল্লাহ, চাগি, সিবি, জাফরাবাদ, করাচি, হায়দরাবাদ, বাদিন, ইসলামাবাদ ও রাওয়ালপিন্ডিতে ভূকম্পন অনুভূত হয়েছে।যুক্তরাষ্ট্রের জিওলজিক্যাল সার্ভে জানিয়েছে, ভূমিকম্পটির কেন্দ্র ছিল দক্ষিণ ইরানের পার্বত্য এলাকায়। স্থানীয় সময় ভোর ৫টা ৪৪ মিনিটে ভূপৃষ্ঠের ১৫ দশমিক ২ কিলোমিটার গভীরে ভূমিকম্পটির উত্পত্তি হয়। উত্পত্তিস্থল ছিল ইরানি শহর জাহেদানের ২০১ কিলোমিটার দক্ষিণ-পূর্বে এবং পাকিস্তানের তুরবাত এলাকার ২৫০ কিলোমিটার উত্তর-পশ্চিমে। ইরানের এক প্রাদেশিক গভর্নর ইরানিয়ান স্টুডেন্টস নিউজ এজেন্সিকে (আইএসএনএ) বলেছেন, ভূমিকম্পে ইরানে কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি।সিস্তান ও বেলুচিস্তান প্রদেশের গভর্নর হাতাম নারৌয়ি আইএসএনএকে বলেন, ‘আশার কথা যে ভূমিকম্পে কোনো ক্ষয়ক্ষতি হয়নি।’তবে এর আগে ইরানের সরকারি সংবাদ সংস্থা ফার্স দাবি করেছিল, ভূমিকম্পে প্রায় ৪০ ব্যক্তি প্রাণ হারিয়েছে। তবে এ মৃত্যুর খবর নিশ্চিত করতে পারেনি বার্তা সংস্থাটি। আরেক ইরানি কর্মকর্তা আজ আল জাজিরাকে জানান, তিনি শত শত মানুষের মৃত্যুর আশঙ্কা করছেন। নাম প্রকাশ না করার শর্তে তিনি বলেন, ‘৪০ বছরের মধ্যে এটা ইরানের সবচেয়ে ভয়াবহ ভূমিকম্প। আমরা শত শত মৃত্যুর আশঙ্কা করছি।’ভূমিকম্পে ভারতের রাজধানী দিল্লির আকাশচুম্বি ভবনগুলো দুলে ওঠে। ভয়ে লোকজন পথে বেরিয়ে আসে। পারস্য উপসাগর অঞ্চলের দেশ কুয়েত, কাতার, ওমান, বাহরাইন ও আরব আমিরাতেও ভূকম্পন অনুভূত হয়। দুবাইয়ের স্থানীয় লোকজন জানিয়েছেন, তাঁরা আতঙ্কে বাড়িঘর ও কার্যালয় ছেড়ে বাইরে ছুটে বেরিয়ে গিয়েছিলেন।ইরান বিশ্বের অন্যতম ভূকম্পনপ্রবণ এলাকা। ভূমিকম্পের মতো প্রাকৃতিক দুর্যোগ এখানে বেশ নিয়মিত। তবে কিছু কিছু ভূমিকম্প হয়েছে ভয়াবহ। ফার্স সংবাদ সংস্থা জানায়, গত সপ্তাহে দক্ষিণ ইরানের বুশেহর এলাকায় ৬ দশমিক ১ মাত্রার ভূমিকম্পের আঘাতে ৩৯ জন প্রাণ হারায় এবং আহত হয় সাড়ে আট শতাধিক মানুষ। এতে অনেক গ্রাম মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়। ভূমিকম্পটির কেন্দ্রস্থল ছিল বুশেহর থেকে ৯৬ কিলোমিটার দক্ষিণ-পূর্বে খাকি শহরে। বুশেহরের পাশে অবস্থিত একটি পারমাণবিক চুল্লি অক্ষত ছিল বলে দাবি করেছিলেন সরকারি কর্মকর্তারা।২০০৩ সালের ডিসেম্বরে কেরমান প্রদেশের বাম শহরে ভূমিকম্পের প্রকোপে ৩১ হাজার মানুষ মারা যায়। এ সময় শহরের কাদামাটির তৈরি ঐতিহ্যবাহী ক্যাথেড্রালটি ধসে যায়।তবে ইরানের সবচেয়ে ভয়ংকর ভূমিকম্পটি হয় ১৯৯০ সালের জুনে। রিখটার স্কেলে এ ভূমিকম্পের মাত্রা ছিল ৭ দশমিক ৭। গিলান ও জানযান প্রদেশে আঘাত হানা এ ভূমিকম্পে প্রায় ৩৭ হাজার মানুষ প্রাণ হারায়, আহত হয় এক লাখেরও বেশি মানুষ। এতে ২৭টি শহর ও এক হাজার ৮৭০টি গ্রাম ক্ষতিগ্রস্ত হয়।