ইরান বিশ্বকে পরমাণু ঝুঁকির মুখে ঠেলে দিচ্ছে: হিলারি ক্লিনটন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন হুঁশিয়ার করে দিয়েছেন যে, ইরানের পারমাণবিক উচ্চাকাঙ্ক্ষা পুরো বিশ্বকে ঝুঁকির মুখে ঠেলে দিচ্ছে। তিনি পরমাণু অস্ত্র বিস্তার রোধ চুক্তি (Non-Proliferation Treaty-এনপিটি) পর্যালোচনা করতে নিউইয়র্কে শুরু হওয়া একটি আন্তর্জাতিক সম্মেলনে গতকাল সোমবার দেওয়া এক ভাষণে বলেন, ইরান তার বাধ্যবাধকতাগুলো লঙ্ঘন করেছে এবং তেহরানকে এ ব্যাপারে জবাবদিহি করতে যুক্তরাষ্ট্র যে চেষ্টা চালাচ্ছে, তার প্রতি সমর্থন জানাতে বিশ্বের সব দেশের প্রতি আহ্বান জানান।যুক্তরাষ্ট্র যখন ইরানের ওপর জাতিসংঘ কর্তৃক নতুন নিষেধাজ্ঞা আরোপের জন্য সমর্থন আদায়ের চেষ্টা চালাচ্ছে, হিলারি ক্লিনটন তখন তাঁর ভাষণে বলেন, মনোযোগ অন্য দিকে ধাবিত করার ও দায়-দায়িত্ব এড়িয়ে যাওয়ার চেষ্টা করে তেহরান সফল হতে পারবে না। হিলারি ক্লিনটন বলেন, ‘এই হলঘরে যেসব দেশের প্রতিনিধিরা আছেন, তাঁদের মধ্যে বর্তমানে একমাত্র ইরানকেই আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার (আইএইএ) বোর্ড অব গভর্নরস পারমাণবিক সুরক্ষার দায়-দায়িত্ব লঙ্ঘন করতে দেখতে পেয়েছে।’ হিলারি আরও বলেন, ইরান ‘জাতিসংঘের নিরাপত্তা পরিষদ ও আইএইএকে অগ্রাহ্য করেছে এবং পরমাণু অস্ত্র বিস্তারমুক্ত ভবিষ্যতকে ঝুঁকির মুখে ঠেলে দিয়েছে। আর এ কারণেই এ দেশটি ক্রমেই একঘরে হয়ে যাচ্ছে ও আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছ থেকে চাপের মুখে আছে।’ইরানের প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদ ১৯৭০ সালের এনপিটিতে স্বাক্ষরকারী ১৮৯টি দেশের এই সম্মেলনে ভাষণ দেওয়ার মাত্র কয়েক ঘণ্টা পর হিলারি ক্লিনটন তাঁর ভাষণ দেন। আহমাদিনেজাদ ভাষণে তাঁর দেশের ওপর পরমাণু অস্ত্র প্রয়োগের হুমকি দেওয়ার জন্য যুক্তরাষ্ট্রের তীব্র নিন্দা করেন। তাঁর বক্তব্য শুনে যুক্তরাষ্ট্র ও বেশ কয়েকটি পশ্চিমা দেশের প্রতিনিধিরা ওয়াকআউট করেন। হিলারি আহমাদিনেজাদের বক্তব্যকে সেই পুরোনো, বহু ব্যবহূত, বানোয়াট ও কখনো কখনো উন্মাদসুলভ অভিযোগে আখ্যা দিয়ে নাকচ করে দেন। বিশ্ব এসব অভিযোগ আগেও শুনেছে, এ কথা বলে তিনি বিশ্বের জাতিগুলোকে ইরানকে বশ মানানোর ওপর মনোযোগ কেন্দ্রীভূত করার আহ্বান জানান। পরে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্মেলনে জানানো হয়, যুক্তরাষ্ট্রের অস্ত্রভান্ডারে এখন মোট পাঁচ হাজার ১১৩টি পারমাণবিক ক্ষেপণাস্ত্র রয়েছে, যা কয়েক দশকব্যাপী কঠোরভাবে গোপন করে রাখা একটি তথ্য। — রয়টার্স