ইরান বিষয়ে যুক্তরাষ্ট্রকে সহযেগিতার আশ্বাস চীনের
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা ইরানের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার ব্যাপারে আলাপ-আলোচনার জন্য চীনের প্রেসিডেন্ট হু জিনতাওয়ের প্রতিশ্রুতি আদায় করেছেন। এক প্রশাসনিক কর্মকর্তা এ কথা জানান। যদিও হু জিনতাও কোনো নির্দিষ্ট অঙ্গীকার দেননি, যাতে ইরানের পারমাণবিক পরিকল্পনার দিক পরিবর্তনের জন্য যুক্তরাষ্ট্রের সামরিক চাপ প্রয়োগকে চীন সমর্থন দেবে।গতকাল সোমবার এই দুই প্রেসিডেন্টের এক শীর্ষ বৈঠক অনুষ্ঠিত হয়।আজ মঙ্গলবার চীনের এক মুখপাত্র জানান, চীন জাতিসংঘের নিরাপত্তা পরিষদের মাধ্যমে কূটনৈতিক সমাধানের পক্ষে। কিন্তু শাস্তিমূলক ব্যবস্থার ব্যাপারে স্বচ্ছ কোনো বক্তব্য তাঁরা দেননি।প্রেসিডেন্ট হু জিনতাও ইরানের পারমাণবিক কার্যক্রমের ওপর জাতিসংঘ প্রস্তাব গ্রহণ করার জন্য তাঁর দেশের সহযোগিতার আশ্বাস দেন। ৯০ মিনিটের এই শীর্ষ বৈঠকে ওবামা চীনের কাছ থেকে অনেক ধরনের সহযোগিতা চেয়েছেন। চীন ইরান থেকে প্রায় ১২ শতাংশ তেল আমদানি করে। তাই চীন মনে করে, ইরান যেকোনো সময় এই তেল সরবরাহ বন্ধ করে দিতে পারে, যদি তারা যুক্তরাষ্ট্রকে সমর্থন করে। প্রেসিডেন্ট ওবামা হু জিনতাওকে আশ্বস্ত করে বলেন, তিনি চীনের জ্বালানি প্রয়োজনের ব্যাপারে খুবই সহানুভূতিশীল। এই শাস্তিমূলক ব্যবস্থার ব্যাপারে চীন যদি সমর্থন করে, তাহলে যুক্তরাষ্ট্র চীনকে নিয়মিত তেল সরবরাহের আশ্বাস দেয়। সূত্র: নিউইয়র্ক টাইমস।