ইরান বেসামরিক পরমাণু কর্মসূচি চালাতে পারবে!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির উদ্দেশে এক গোপন বার্তায় বলেছেন, বেসামরিক খাতে তেহরান পরমাণু কর্মসূচি চালাতে পারে। কিন্তু, কখনোই যেন পারমাণবিক অস্ত্রের দিকে দেশটি ধাবিত না হয়। বার্তা সংস্থা আইএএনএস আজ শনিবার এ খবর প্রকাশ করেছে।ওয়াশিংটন পোস্টের বরাত দিয়ে আইএএনএসের খবরে বলা হয়, সম্প্রতি দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার সঙ্গে তুরস্কের প্রধানমন্ত্রী রিসেপ তায়িপ এরদোগানের সাক্ষাত্ হয়। সেখানে তাঁরা ইরান ও সিরিয়া নিয়ে আলোচনা করেন। সিউল সফর শেষে এরদোগান তেহরান সফরে যান। তেহরানে খামেনিকে বারাক ওবামার ওই গোপন বার্তা পৌঁছে দেন এরদোগান। বার্তাটি অনেকটা এ রকম—মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা ইরানের পরমাণু কর্মসূচি মেনে নেবেন, তবে তা যদি কেবল বেসামরিক প্রয়োজনে চালিত হয় সে ক্ষেত্রে। সম্প্রতি আয়াতুল্লাহ আলী খামেনি বলেছেন, ইরান কখনো পারমাণবিক অস্ত্রের পথে যাবে না। ইসলামি প্রজাতন্ত্রের দেশটি বিশ্বাস করে পারমাণবিক অস্ত্র থাকাটাই ভীষণ পাপ। পারমাণবিক অস্ত্রকে ধ্বংসাত্মক ও বিপজ্জনক আখ্যা দিয়ে খামেনি আরও বলেন, নির্বোধেরাই এ ধরনের অস্ত্রের বিস্তার ঘটায়। খামেনির এ কথা প্রসঙ্গে ওবামা বলেছেন, খামেনি যেন তাঁর এ কথা রাখেন। এদিকে চীনের বার্তা সংস্থা সিনহুয়া জানিয়েছে, ১৩-১৪ এপ্রিল তুরস্কের ইস্তাম্বুলে তেহরানের বিতর্কিত পরমাণু কর্মসূচি নিয়ে আবারও আলোচনায় বসছে রাশিয়া, চীন, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স ও জার্মানির সমন্বয়ে ছয় বিশ্বশক্তি।