ইরান যুদ্ধের ছক আঁকছে যুক্তরাজ্য
ইরানের সঙ্গে যুদ্ধের পরিকল্পনা করছে যুক্তরাজ্য। এ লক্ষ্যে উপসাগরীয় অঞ্চলে শত শত ব্রিটিশ সেনা ও পারমাণবিক সাবমেরিন পাঠানোর পরিকল্পনা করছে যুক্তরাজ্য। দ্য সান পত্রিকায় প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।শীর্ষ সামরিক কর্মকর্তারা ধারণা করছেন, দেশ দুটির মধ্যে যুদ্ধ বেধে যাওয়ার বিষয়টি সময়ের ব্যাপার মাত্র। তাঁদের আশঙ্কা, ১৮ থেকে ২৪ মাসের মধ্যেই এই যুদ্ধ বেঁধে যেতে পারে।পরমাণু কার্যক্রম অব্যাহত রাখলে যুক্তরাজ্যের সঙ্গে ইরানের যুদ্ধ অনিবার্য হয়ে উঠবে বলে মনে করছেন সামরিক পরিকল্পনাবিদেরা।নাম প্রকাশ না করার শর্তে এক কর্মকর্তা বলেন, ‘আমরা পছন্দ করি বা না করি, ব্রিটেন এই যুদ্ধে জড়িয়ে পড়বে।’ প্রতিবেদনে বলা হয়, পরিকল্পনা অনুযায়ী ব্রিটেনের প্রথম পদাতিক বাহিনী সংযুক্ত আরব আমিরাতে যাবে। দেশটির রাজকীয় নৌবাহিনী ইতিমধ্যে উপসাগরীয় অঞ্চলে সাতটি রণতরী এনেছে। এ ছাড়া ওই এলাকায় একটি পারমাণবিক সাবমেরিন অবস্থান করছে। এ যুদ্ধ পরিকল্পনার অংশ হিসেবে টমাহক ক্রুজ ক্ষেপণাস্ত্রসহ দ্বিতীয় সাবমেরিন সেখানে মোতায়েন করা হবে।প্রতিবেদনে বলা হয়, সংযুক্ত আরব আমিরাত ইরানের হামলার শিকার হলে তাদের রক্ষা করতে যুক্তরাজ্য প্রস্তুত আছে। এ ছাড়া প্রয়োজনে ওমান, কুয়েত, সৌদি আরব, বাহরাইন ও কাতারকেও সাহায্য করবে দেশটি।