ইরাকে অবস্থানরত মার্কিন সেনাসদস্যরা তাঁদের লটবহর গোছাতে শুরু করেছেন। এ বছরের মধ্যে অধিকাংশ মার্কিন সেনা দেশে ফিরতে পারবেন বলে ধারণা করা হচ্ছে। তার পরও কয়েক শ সেনাসদস্য ইরাকে থেকে যাবেন।
আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে ইরাক থেকে সব সেনা প্রত্যাহারের পরিকল্পনার কথা জানিয়েছিল যুক্তরাষ্ট্র। এই ব্যয়বহুল যুদ্ধের বোঝা কাঁধের ওপর থেকে নামাতে সচেষ্ট বারাক ওবামা। গত সাড়ে আট বছরে শুধু ইরাকেই সাড়ে চার হাজারের বেশি মার্কিন সেনা নিহত হয়েছেন।একই চিত্র আফগানিস্তানে। সবচেয়ে আধুনিক যুদ্ধাস্ত্রে বলিয়ান হয়ে ১০ বছর লড়াই করার পরও শত্রুর বিরুদ্ধে তেমন সাফল্য নেই যুক্তরাষ্ট্রের। ফলে মার্কিন জেনারেলরা সেখানে সৈন্যসংখ্যা কমাতে চান।মার্কিন প্রশাসন এখন চাইলেও ইরাক বা আফগানিস্তানের বাস্তবতা অন্য কথা বলে। এই দুই দেশে দীর্ঘ মেয়াদে নিরাপত্তা বা ঝুঁকির কথা বিবেচনা করলে সেখান থেকে সৈন্য প্রত্যাহার আসলেই সমস্যার জন্ম দেবে। প্রেসিডেন্ট ওবামা এরই মধ্যে প্রতিশ্রুতি দিয়েছেন, ২০১২ সালের মধ্যে ইরাক ও আফগানিস্তানে মার্কিন সৈন্যসংখ্যা বর্তমানের অর্ধেকে নামিয়ে আনা হবে। বর্তমানে এই সংখ্যা প্রায় এক লাখ ৮০ হাজার।ওবামা চাইছেন যুদ্ধের খরচ কমাতে। শুধু ইরাক যুদ্ধেই মার্কিন করাদাতাদের পকেট থেকে গেছে ৭০ হাজার কোটি ডলার। এই খরচের চাপ আর নিতে পারছে না মার্কিন অর্থনীতি। অনেকটা নিরুপায় হয়ে এ থেকে নিষ্কৃতির পথ খুঁজছে মার্কিন প্রশাসন।প্রাথমিকভাবে ২০১৪ সালের বেশি যাতে আর আফগানিস্তানে বিদেশি সেনাসদস্য থাকার দরকার না হয়, এ জন্য পেন্টাগনকে একটা রূপরেখা তৈরি করতে বলেছে হোয়াইট হাউস।ওবামা প্রশাসনের এই উদ্যোগের সঙ্গে একমত নন বিরোধী রিপাবলিকান দলের কিছু সদস্য। কংগ্রেসের একটি কমিটির একজন রিপাবলিকান সদস্য নাম প্রকাশ না করে বলেন, সৈন্য প্রত্যাহারকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হচ্ছে, অথচ দেখা হচ্ছে না লক্ষ্য পূরণ হলো কি না?যুক্তরাষ্ট্রের একজন নিরাপত্তা বিশেষজ্ঞ অ্যান্থনি করডেসম্যান এ প্রসঙ্গে বলছেন, অতর্কিতভাবে হামলা চালিয়ে ওসামা বিন লাদেনকে হত্যার পর ওবামা প্রশাসন এখন এটাই ঠিক করতে পারছে না যে, সৈন্য প্রত্যাহারের পর আফগানিস্তানে যুক্তরাষ্ট্রের ভূমিকা কী হবে। তিনি বলেন, ‘আমরা আফগানিস্তানে গিয়েছি এই কারণে না যে, সেখানে যুক্তরাষ্ট্রে বড় কোনো স্বার্থ আছে। আমরা গিয়েছি কারণ নাইন-ইলেভেন ঘটেছিল।’ করডেসম্যান বলেন, ‘আমরা বিন লাদেন-সমস্যা কাটিয়ে উঠেছি। কিন্তু পাকিস্তান সমস্যার সমাধান করতে পারিনি। তালেবান-সমস্যার সমাধান করতে পারিনি। সুশাসনও নিশ্চিত করতে পারিনি।’এদিকে আফগানিস্তানে মার্কিন সেনাপতিরা আরও বড় যুদ্ধের কথা ভাবছেন। বিশেষ করে তালেবান ও হাক্কানি নেটওয়ার্কের বিরুদ্ধে। তবে এ যুদ্ধে লক্ষ্য অর্জিত হবে কি না, সে ব্যাপারে তাঁরা বেশ সতর্ক।তবে অনেক বিশেষজ্ঞই বলছেন, ইরানের কারণে যুক্তরাষ্ট্র ইরাক ও আফগানিস্তান থেকে হাত গুটিয়ে নিতে চাইছে। কারণ ইরান নিয়ে তাদের মাথাব্যথা এখন অনেক বেশি। মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএর একজন সাবেক কর্মকর্তা বলেছেন, যুক্তরাষ্ট্র কোনোভাবে ইরানকে পরমাণু শক্তিধর দেশ হতে দিতে চায় না। এ জন্য ইসরায়েলকে দিয়ে তারা ইরানে হামলা চালাতে পারে। রয়টার্স