ইরানকে অন্তহীন সময় দেওয়া হবে না: যুক্তরাষ্ট্র
যুক্তরাষ্ট্র ও তার মধ্যপ্রাচ্যের বড় মিত্র সৌদি আরব আজ সোমবার বলেছে, পারমাণবিক সংকটের সমাধানে ইরান যদি দিনের পর দিন আলোচনা চালিয়ে যেতে চায়, তবে তা হতে দেওয়া হবে না। দেশ দুটির অভিযোগ, আলোচনার নামে কালক্ষেপণ করছে ইরান।আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থাও (আইএইএ) আজ যুক্তরাষ্ট্র ও সৌদি আরবের সঙ্গে সুর মিলিয়ে বলেছে, ইরান আইএইএকে পর্যবেক্ষণকাজে সহযোগিতা করছে না।রয়টার্স জানিয়েছে, ইরানকে এত সময় দেওয়ায় ভীষণ চটে গেছে তার চিরশত্রু ইসরায়েল। ইরান যদি পারমাণবিক গবেষণা বন্ধ না করে, তবে দেশটির ওপর আকস্মিক হামলা চালানোর হুমকিও দিয়ে রেখেছে ইসরায়েল। তবে পশ্চিমা দেশগুলোর সঙ্গে আলোচনা সন্তোষজনক না হলে বা আলোচনা ব্যর্থতায় পর্যবসিত হলে ইসরায়েল হামলা চালাতে পারে।যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী জন কেরি আজ সোমবার বলেছেন, ‘সময় অসীম নয়।’ সৌদি আরবের রাজধানী রিয়াদে আজ সোমবার সৌদি পররাষ্ট্রমন্ত্রী সৌদ আল ফয়সালের সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে তিনি ইরানের সঙ্গে ছয় বিশ্বশক্তির আলোচনার সম্ভাবনা নিয়ে কথা বলেন। সম্মেলনে সৌদ আল ফয়সাল বলেন, ইরান আলোচনাকে যথেষ্ট গুরুত্ব দিচ্ছে না। তবে এভাবে চলতেও পরে না।ইরানের পারমাণবিক গবেষণা বিষয়ে চলমান অচলাবস্থার অবসানে গত সপ্তাহে কাজাখস্তানে এক আলোচনা অনুষ্ঠিত হয়। ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানি, চীন ও রাশিয়ার আলোচনায় গুরুত্বপূর্ণ কোনো সিদ্ধান্ত হয়নি। তবে আলোচনা চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত হয়। ইরান যদি ছয় বিশ্বশক্তির শর্তে রাজি হয়, তবে ইরানের ওপর আরোপিত অবরোধের কিছু শর্ত শিথিল করা হবে। ওই আলোচনা প্রসঙ্গে সৌদ বলেন, ‘আমরা বকবক করতে থাকা দার্শনিকদের মতো কথা চালিয়ে যেতে পারি না। আমাদের গুরুত্বের সঙ্গে ও সত্ভাবে আলোচনা করতে হবে। আমরা কতটা নিষ্ঠাবান, তার পরিচয় দিতে হবে।’ যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের ধারণা, পারমাণবিক বোমা তৈরির জন্য গবেষণা চালাচ্ছে ইরান। ইসরায়েলকে শায়েস্তা করাই ইরানের মূল লক্ষ্য। তবে ইরান বলছে, পারমাণবিক গবেষণার ফল ওষুধ তৈরিসহ শান্তিপূর্ণ কাজে ব্যবহার করা হবে।আইএইএর আশঙ্কাপারমাণবিক গবেষণা বিষয়ে জাতিসংঘের বিশেষ সংস্থা আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা (আইএইএ) আজ জানিয়েছে, ইরান সম্ভবত বোমা তৈরির দিকে এগিয়ে গেছে। সংস্থাটি ধারণা করছে, একটি সামরিক ঘাঁটিতে গোপনে পারমাণবিক বোমা তৈরির জন্য প্রয়োজনীয় গবেষণা চালাচ্ছে ইরান। ওই ঘাঁটিতে পর্যবেক্ষকদের যাওয়ার অনুমতি দেওয়া হচ্ছে না। আইএইএর মহাসচিব উকিয়া আমানো আজ সংস্থাটির পরিচালনা পর্ষদের সদস্যদের প্রতি এক বার্তা পাঠান। বার্তায় তিনি ইরানে তাঁদের পর্যবেক্ষণ কর্মকাণ্ডে হতাশা প্রকাশ করেন। ৩৫-রাষ্ট্রের প্রতিনিধিদের সমন্বয়ে গঠিত ওই পরিচালনা পর্ষদকে তিনি বলেন, আলোচনা ‘জরুরি ভিত্তিতে চলা দরকার’ এবং দ্রুত একটি সিদ্ধান্তে পৌঁছানোর লক্ষ্যও থাকা প্রয়োজন। উকিয়া বলেন, ‘ইরান যেহেতু পর্যবেক্ষকদের কাজে পূর্ণ সহযোগিতা করছে না, তাই এটাও বলা যাচ্ছে না যে পারমাণবিক গবেষণার সব যন্ত্রপাতি শান্তিপূর্ণ কাজে ব্যবহূত হচ্ছে।’