ইরানকে অবশ্যই থামতে হবে : নেতানিয়াহু
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, পরমাণুসমৃদ্ধ ইরানের হুমকি মোকাবিলায় দেশটির আত্মরক্ষার অধিকার রয়েছে। তেহরানের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বিশ্ব আর অপেক্ষা করতে পারবে না। তিনি আরও বলেন, ইরানকে অবশ্যই থামতে হবে।গতকাল সোমবার ওয়াশিংটনে আমেরিকান-ইসরায়েল পাবলিক অ্যাফেয়ার্স কমিটির (এআইপিএসি) সম্মেলনে প্রভাবশালী ইসরায়েলপন্থী লবিগোষ্ঠীর উদ্দেশে দেওয়া এক বিবৃতিতে ইসরায়েলের প্রধানমন্ত্রী এ কথা বলেন। আল-জাজিরা টেলিভিশনের অনলাইনে এ খবর প্রকাশ করা হয়েছে।খবরে বলা হয়, গতকাল সোমবার ওই সম্মেলন অনুষ্ঠিত হওয়ার আগে প্রেসিডেন্ট বারাক ওবামার সঙ্গে বৈঠক করেন নেতানিয়াহু। ওবামাকে আপসহীন কণ্ঠে তিনি জানান, ইরানকে পরমাণু অস্ত্র থেকে বিরত রাখতে ইসরায়েল বদ্ধপরিকর।গত রোববার এআইপিএসির বার্ষিক সম্মেলনে দেওয়া ভাষণে ইরানকে পরমাণু অস্ত্র তৈরি থেকে বিরত রাখার ব্যাপারে প্রেসিডেন্ট বারাক ওবামা বলেন, কূটনৈতিক উপায়ে বিষয়টি সমাধানের পথ এখনো খোলা আছে। তাঁর মন্তব্যের জবাবে নেতানিয়াহু বলেন, ‘আমরা কূটনৈতিক উপায়ে সমাধানের জন্য অপেক্ষা করেছি, অনুমোদনের মাধ্যমে সমাধানের জন্যও অপেক্ষা করেছি। কিন্তু আমরা কেউই এর চেয়ে বেশি অপেক্ষা করতে রাজি নই।’ তিনি আরও বলেন, বিশ্ববাসী তেহরানের বিরুদ্ধে অবিলম্বে ব্যবস্থা নিতে চায়।এদিকে ইরানে ইসরায়েলের হামলাকে যুক্তরাষ্ট্র সমর্থন করবে কি না, সে ব্যাপারে কিছু জানায়নি ওবামা প্রশাসন; বরং কয়েক সপ্তাহজুড়ে ইরান পরমাণু অস্ত্র তৈরি করছে—এমন কোনো প্রমাণ তাদের হাতে নেই বলে মন্তব্য করছেন তারা। গত জানুয়ারি মাসে যুক্তরাষ্ট্রের জাতীয় গোয়েন্দা সংস্থার পরিচালক জেমস ক্ল্যাপার মার্কিন কংগ্রেসকে জানান, তিনি বিশ্বাস করেন, পরমাণু অস্ত্র তৈরির ব্যাপারে আদৌ কোনো সিদ্ধান্তে আসতে পারেনি ইরান।