ইরানকে থামাতে প্রয়োজনে সেনা অভিযান: ওবামা
মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা ইসরাইলকে বলেছেন, পারমাণবিক অস্ত্র তৈরির মতো পর্যায়ে যেতে ইরানের এখনো এক বছরের বেশি সময় লাগবে। তিনি আশ্বাস দেন, ইরানের পারমাণবিক অস্ত্র কর্মসূচি বাতিলে নিষেধাজ্ঞা ও কূটনৈতিক চেষ্টা ব্যর্থ হলে সেনা অভিযান চালানোর বিষয়টি তাদের পছন্দের তালিকায় রয়েছে। গতকাল বৃহস্পতিবার ইসরায়েলের এক টেলিভিশনে দেওয়া এক সাক্ষাত্কারে বারাক ওবামা এসব কথা বলেন।বার্তা সংস্থা রয়টার্সের খবরে জানানো হয়, নতুন মেয়াদে প্রেসিডেন্ট হওয়ার পর ওবামা প্রথমবারের মতো ইসরায়েল সফরে যাওয়ার ছয় দিন আগে এই সাক্ষাত্কার দিলেন। ইসরায়েলের প্রেসিডেন্ট বেনিয়ামিন নেতানিয়াহুকে আশ্বস্ত করে একটি বার্তাও পাঠিয়েছেন যে, ইরানের কৌশলের ব্যাপারে ওয়াশিংটনের সঙ্গে ধৈর্য ধরতে হবে। প্রয়োজনে তেহরানের মুখোমুখি মোকাবিলা করবে যুক্তরাষ্ট্র। ইসরায়েল সফরে ইরানের পারমাণবিক অস্ত্র তৈরির প্রসঙ্গটি ওবামার মূল আলোচ্য বিষয় হবে। তা ছাড়া, ইরানের সঙ্গে ইসরায়েলের ডানপন্থী নেতা নেতানিয়াহুর একটি শান্তিপূর্ণ সমাধানে পৌঁছাতে বিভিন্ন ধরনের চ্যালেঞ্জও হাতে নেবেন ওবামা। ওবামা বলেন, ‘আমাদের ধারণা, পারমাণবিক অস্ত্র তৈরির মতো পর্যায়ে যেতে এক বছরের বেশি বা সে রকম সময় লাগবে। অবশ্যই আমরা তাদের সে পর্যন্ত যেতে দেব না।’আসন্ন সফরে ওবামা বুধবার জেরুজালেমে নেতানিয়াহুর সঙ্গে সাক্ষাত্ করবেন। বৃহস্পতিবার রামাল্লায় ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের সঙ্গে ও শুক্রবার আম্মানে জর্ডানের বাদশাহ আবদুল্লাহর সঙ্গে সাক্ষাত্ হবে তাঁর।