ইরানকে সামনে রেখে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের মহড়ার প্রস্তুতি
ইরানকে লক্ষ্য করে বড় ধরনের সামরিক মহড়ার সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। আল জাজিরার খবরে আজ বৃহস্পতিবার বলা হয়, ইরানের বিতর্কিত পরমাণু কর্মসূচি বন্ধ করা নিয়ে দুদেশের নেতাদের মধ্যে বিরোধ সত্ত্বেও এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ‘অস্টেয়ার চ্যালেঞ্জ ২০১২’ মহড়াটি চলতি মাসের শেষে শুরু হয়ে তিন সপ্তাহ ধরে চলবে। এতে অংশ নেবে যুক্তরাষ্ট্রের সাড়ে তিন হাজার ও ইসরায়েলের এক হাজার সেনা। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক সম্পর্ক প্রতিষ্ঠার পর আসন্ন মহড়াটিকে সবচেয়ে বড় যৌথ সামরিক প্রয়াস বলেছেন যুক্তরাষ্ট্রের থার্ড এয়ার ফোর্স কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল ক্রেইগ ফ্র্যাঙ্কলিন। তিনি বলেছেন, এ মহড়ার মাধ্যমে ইসরায়েলের সমন্বিত ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা শক্তিশালী হবে। এ ছাড়া আঞ্চলিক নিরাপত্তা ও সামরিক শক্তিমত্তাও নিশ্চিত করা যাবে। ইসরায়েলি ব্রিগেডিয়ার জেনারেল নিতজান নুরিয়েল বলেন, সব ধরনের হুমকি থেকে প্রতিরক্ষার অংশ হিসেবে এ মহড়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি বলেন, ‘এ মহড়া থেকে যে কেউ যেকোনো ধরনের বার্তা নিতে পারেন। এর মাধ্যমে আমরা আমাদের প্রশিক্ষণ ও কাজের মধ্য দিয়ে শক্তিশালী বার্তা দিতে চাই।’ আল জাজিরার খবরে বলা হয়, ইরানের ওপর যুক্তরাষ্ট্রের আগাম হামলার শঙ্কা, আসন্ন মার্কিন ও ইসরায়েলি নির্বাচনের আগে এ যৌথ মহড়া শুরু হচ্ছে। তাই ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষার নামে মহড়াটি করা হলেও এর অন্য উদ্দেশ্যও আছে।